কথাসাহিত্যক হাবিব আনিসুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। হাবিব আনিসুর রহমান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
বুধবার বাদ মাগরিব শাহবাগের কাঁটাবন সেন্ট্রাল মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। হাবিব আনিসুর রহমানের স্ত্রী কথাসাহিত্যিক নাসিমা আনিস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯৫৪ সালে মেহেরপুরের বল্লভপুর গ্রামে জন্ম নেন হাবিব আনিসুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স সম্পন্ন করে শিক্ষকতা পেশা শুরু করেন তিনি। তিনি চট্টগ্রাম কলেজ, কুষ্টিয়া সরকারি কলেজ ও যশোর সরকারি এম এম কলেজে অধ্যাপনা করেছেন। পরে অধ্যাপক হিসেবে স্বেচ্ছায় অবসর নিয়ে ঢাকায় বসবাস শুরু করেন এবং সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন।
তার সাহিত্যকর্মের মূল উপজীব্য ছিল সমাজের উপেক্ষিত মানুষের জীবনসংগ্রাম। ‘গুলেনবারি সিনড্রোম ও অন্যান্য গল্প’, ‘অষ্টনাগ ষোলোচিতি’, ‘পোড়ামাটির জিলাপি ও অন্যান্য গল্প’, ‘রৌদ্র ও ত্রাতাগণ’ (মুক্তিযুদ্ধের উপন্যাস), ‘ছোটকু মোটকু’ (কিশোর গল্প) প্রভৃতি গ্রন্থে তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের অন্তর্দহনকে তুলে ধরেছেন।
হাবিব আনিসুর রহমান সাহিত্য জগতে একজন নিভৃতচারী লেখক হলেও তার লেখার শক্তি ছিল অনবদ্য। কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ২০১১ সালে ‘জীবননগর সাহিত্য পরিষদ সম্মাননা’ এবং ২০১৫ সালে ‘কাঙাল হরিনাথ মজুমদার’ পদক লাভ করেন।