তুমি জানো না... জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা, তোমায় প্রথম যেদিন জেনেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমরা মন মান না...। এমন অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা চারণকবি কবিয়াল বিজয় সরকার। একুশে পদকপ্রাপ্ত বিজয় সরকারের ১২২তম জন্মবার্ষিকী আজ ২০ ফেব্রুয়ারি।
১৯০৩ সালের এই দিনে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বাবা নবকৃষ্ণ অধিকারী ও মা হিমালয়া দেবী। বিজয় সরকার নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছিলেন। মতান্তরে ম্যাট্রিক পর্যন্ত। তার দুই স্ত্রী বীণাপাণি ও প্রমোদা অধিকারী কেউ বেঁচে নেই। দুই ছেলে কাজল ও বাদল অধিকারী ভারতের পশ্চিমবঙ্গের কেউটিয়ায় বসবাস করেন।
বিজয় সরকার একাধারে গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। ১ হাজার ৮০০-এর বেশি গান লিখেছেন তিনি। প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর, সংগীত ও অসাধারণ গায়কি ঢঙের জন্য ‘সরকার’ উপাধি লাভ করেন। ‘পাগল বিজয়’ হিসেবে সমধিক পরিচিত তিনি। শিল্পকলায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ মরণোত্তর একুশে পদকে ভূষিত হন বিজয় সরকার। বার্ধ্যকজনিত কারণে ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতে পরলোকগমন করেন কবিয়াল বিজয় সরকার। পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাকে সমাহিত করা হয়।
চারণকবি বিজয় সরকার ফাউন্ডেশন সূত্রে জানা যায়, জন্মবার্ষিকী উপলক্ষে কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিজয়গীতি পরিবেশন, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।