নানা কর্মসূচির মধ্য দিয়ে চলছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৪৪তম বার্ষিক অধিবেশন। সমাপনী দিনে মফিদুল হককে সভাপতি ও লিলি ইসলামকে সাধারণ সম্পাদক করে আগামী মেয়াদের জন্য ৬১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নতুন কমিটির ঘোষণা আসে। কমিটির নির্বাহী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বুলবুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন জহিরুল হক খান।
নবনির্বাচিত সভাপতি মফিদুল হক পরিষদের আগামী দিনের পথচলা এবং রবীন্দ্রচর্চাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
শনিবার সকাল ৯টায় সারা দেশ থেকে আসা প্রতিনিধিরা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন।
এরপর সকাল ১০টায় নাট্যশালা মিলনায়তনে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনেই সর্বসম্মতিক্রমে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় শিল্পকলার অ্যাকাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় বিশেষ সেমিনার। ‘বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সংগীত’। এই আলোচনায় অংশ নেন অধ্যাপক কৃষ্টি হেফাজ, অধ্যাপক সন্তোষ ঢালি, ফেরদৌস আরা লিপি ও স্বতন্ত্রা বুলবুল।
আজ বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে সমাপনী অধিবেশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার। অনুষ্ঠানের শুরুতে শোক প্রস্তাব পেশ করবেন জহিরুল হক খান এবং সম্মেলনের ঘোষণা পাঠ করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। এবারের সম্মেলনে রবীন্দ্র পদক ও গুণী সম্মাননা প্রদান করা হবে বিশিষ্ট গবেষক ও অধ্যাপক সৈয়দ আকরম হোসেনকে। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তির শংসবচন পাঠ করবেন শিল্পী লাইসা আহমদ লিসা।
সন্ধ্যার অধিবেশনে প্রদীপ প্রজ্বালনের পর শুরু হবে সাংস্কৃতিক পর্ব। সংগীত, নৃত্য ও আবৃত্তির মোহময় পরিবেশনা শেষে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে দুই দিনের এই মিলনমেলার পর্দা নামবে।
জয়ন্ত সাহা/নাঈম