অনেক বাইকারই তাদের মোটরসাইকেলের চাকার বিয়ারিংয়ের যত্ন নেওয়ার বিষয়টি গুরুত্ব দেন না। তবে মোটরসাইকেলের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চাকার বিয়ারিং। খারাপ বিয়ারিং বড় দুর্ঘটনার কারণ হতে পারে। চলুন জেনে নিই কীভাবে বাইকের চাকার বিয়ারিংয়ের যত্ন নেবেন।
কেন বিয়ারিং গুরুত্বপূর্ণ?
বিয়ারিং চাকাকে স্বাচ্ছন্দ্যে ঘুরতে সাহায্য করে। যখন বিয়ারিং খারাপ হয়ে যায়, তখন চাকা ঠিকমতো ঘুরতে পারে না, শব্দ করে। এমনকি হ্যান্ডেলবারে কম্পনও হতে পারে।
বেশির ভাগ মোটরসাইকেলের চাকার বিয়ারিং সিল করা থাকে, যা গ্রিজিংয়ের প্রয়োজন কম করে। এতে বিয়ারিংগুলোতে গ্রিজি দেওয়ার প্রয়োজন হয় না এবং তা দীর্ঘস্থায়ী হয়। তবে নিয়মিত পানি বা কাদার মধ্যে দিয়ে বাইক চালালে, খুব বেশি গতি বা রুক্ষ রাস্তায় চালানো, অতিরিক্ত চাপে চাকা ধোয়া, বা অতিরিক্ত ক্লিনার ব্যবহার বিয়ারিংকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সময়মতো ক্ষয়প্রাপ্ত বা নষ্ট হয়ে যাওয়া বিয়ারিং পরিবর্তন না করলে বাইকের চাকার হাব, এক্সেল এবং আরও অনেক কিছুর ক্ষতি হতে পারে।
বিয়ারিংয়ের যত্ন নেওয়ার উপায়
প্রতিবার বাইক সার্ভিসিং করার সময় বিয়ারিংয়ের অবস্থা পরীক্ষা করুন। কোনো ধাতব ধুলা বা অন্য কোনো অস্বাভাবিকতা আছে কি না খেয়াল করুন। চাকা স্বাচ্ছন্দ্যে ঘুরছে কি না এবং কোনো শব্দ হচ্ছে কি না পরীক্ষা করুন। বাইক ধোয়ার সময় চাকার হাব বা এক্সেলের ওপর সরাসরি জোরে পানি দেবেন না। হাবের নিচে পানি দিয়ে চাকা ধোয়ার চেষ্টা করুন। বাইক ধোয়ার পরে চাকা ঘোরাতে ভুলবেন না। এতে হাবের আশপাশে জমে থাকা পানি সরে যাবে। চাকার হাবে অধিকমাত্রায় ডিগ্রিজার ব্যবহার এড়িয়ে চলুন। কারণ এটি বিয়ারিং থেকে গ্রিজ অপসারণ করে এবং ক্ষয় ত্বরান্বিত করে।
/আবরার জাহিন