দেশের সড়কে পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে রানার অটোমোবাইলস পিএলসি। বিশ্বখ্যাত চীনা প্রতিষ্ঠান বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি এখন থেকে স্থানীয়ভাবে উৎপাদন ও বাজারজাত করবে রানার। এ লক্ষ্যে বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানির সঙ্গে একটি ‘মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচার’ বা প্রধান সরবরাহ ও উৎপাদন চুক্তি সই করেছে প্রতিষ্ঠানটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে রানার অটোমোবাইলস। গত ২০ মার্চ কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই কৌশলগত অংশীদারত্বের বিষয়টি অনুমোদিত হয়। এই চুক্তির ফলে বাংলাদেশে অটোমোবাইল শিল্পের প্রযুক্তিগত উন্নয়ন ও স্থানীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অটোমোবাইল খাতে বিওয়াইডির বিশ্বব্যাপী সুনাম ও তাদের অত্যাধুনিক প্রযুক্তির ওপর গভীর আস্থা প্রকাশ করেছে রানারের পরিচালনা পর্ষদ। কোম্পানিটি জানিয়েছে, এই অংশীদারত্ব বাংলাদেশের শিল্প খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে দেশে উন্নত প্রযুক্তির হস্তান্তর ঘটবে এবং বৈদ্যুতিক গাড়ির বাজার আরও প্রসারিত হবে।
বিওয়াইডির সঙ্গে উৎপাদনের এ খবর আসার পর পুঁজিবাজারে রানার অটোমোবাইলসের শেয়ারদরে বড় লাফ দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্যানুযায়ী, একদিনে কোম্পানিটির শেয়ারের দাম ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। লেনদেন শেষে শেয়ারটির দর ৩৪ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ৩৭ টাকা ৫০ পয়সায় পৌঁছেছে।
উল্লেখ্য, ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ি (ইভি) বিক্রি শুরু করে চীনের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। শুরু থেকে তাদের স্থানীয় পরিবেশক হিসেবে কাজ করছে রানার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সিজি-রানার বাংলাদেশ লিমিটেড। এখন পরিবেশক থেকে সরাসরি উৎপাদক হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে রানার। দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে সরকারের পরিবেশবান্ধব নীতির সঙ্গে এ উদ্যোগ জোরালো ভূমিকা রাখবে।
/আবরার জাহিন