কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাস থেকে বিকেল ৩টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে গেলে ক্যাম্পাস সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের অতিরিক্ত এএসপি এমরানুল হক মারুফ গণমাধ্যমকে বলেন, ‘প্রতিদিন এভাবে সড়ক অবরোধ করা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। আজ শিক্ষার্থীদের বাধা দিতে এখানে এসেছি আমরা।’
শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আমরা এ বিষয়ে পরে ব্যবস্থা নেব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিচার চাই।’
সালমান/