বন্যায় ক্ষতিগ্রস্ত তিনশ’ পরিবারের কাছে সবজির চারা বিতরণ করল এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়।
সোমবার (২৮ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি ও দুর্লভপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে এই চারা বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান- আল- ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ উপজেলা কৃষি অফিসার নয়ন মিয়া। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শিবগঞ্জের সার্বিক সহযগিতায় আয়োজিত সবজির চারা বিতরণের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ ড. মো. সাহেব আলী প্রামাণিক।
আফতাবুজ্জামান- আল- ইমরান বলেন, বানভাসি মানুষের জন্য সবজির চারা উৎপাদন এবং বিনামূল্যে বিতরণের যে উদ্যোগ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা তাদের এই সুন্দর জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানাই। যারা এই মহতি কাজের সঙ্গে সম্পৃক্ত বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবসময় আপনাদের বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পাশে আছি।
নয়ন মিয়া বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সবার প্রশংসা কুড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের যেকেনো প্রয়োজনে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্বদা আপনাদের পাশে থাকব এবং এই সুন্দর কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানাচ্ছি।
ড. সাহেব আলী প্রামাণিক বলেন, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ দেশের একমাত্র গবেষণাধর্মী বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি তার প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গবেষণা এবং শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা সর্বদা আপনাদের পাশে আছি কারণ এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের আপামর মানুষের কল্যাণের জন্য। এখানে যাতে করে চাঁপাইনবাবগঞ্জের ছেলেমেয়েরা অল্প খরচে বিশ্বমানের শিক্ষা পায়। আমরা আমাদের মান ধরে রেখে শিক্ষা এবং গবেষণার কার্যক্রম চালিয়ে যেতে বদ্ধপরিকর। কৃষি বিষয়ক যে কোনো সমস্যা সমাধানে আমরা সর্বদা সচেষ্ট।
প্রসঙ্গত, সম্প্রতি বন্যায় কৃষকের ক্ষতির কথা চিন্তা করে দেশের একমাত্র গবেষণা ভিত্তিক বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর শিক্ষক, শিক্ষার্থীরা তাদের মাঝে সবজির চারা বিতরণের উদ্যোগ নেয়। এ লক্ষে বিশ্ববিদ্যালয়ের আমনুরাস্থ স্থায়ী ক্যাম্পাসের গবেষণা মাঠে লাউ, বেগুন ও মরিচের চারা উৎপাদন করা হয়।