নিয়মনীতির তোয়াক্কা না করে ইসলামি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অ্যালামনাইদের জন্য কক্ষ বরাদ্দ দিয়েছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
শনিবার (৯ নভেম্বর) বিষয়টি নিয়ে খবরের কাগজে ‘ইবিতে কক্ষসংকটের মধ্যেই অ্যালামনাইদের কক্ষ বরাদ্দ দিলেন ডিন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের ফলে বিজ্ঞপ্তির মাধ্যমে অ্যালামনাইদের জন্য কক্ষ বরাদ্দের সিদ্ধান্ত বাতিল করেন ড. মতিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ লোকপ্রশাসন বিভাগের অ্যালামনাইদের জন্য গত ২ নভেম্বর মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ২৩১ নম্বর কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছিল। অনিবার্য কারণবশত কক্ষটির বরাদ্দ বাতিল করা হলো।’ পরে এ বিষয়ে জানার জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানকে মোবাইল ফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।’
গত ২ নভেম্বর অ্যালামনাইদের জন্য কক্ষ বরাদ্দ দেন ড. এ কে এম মতিনুর রহমান। এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগ অ্যালামনাই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর একটি চিঠিও দেন তিনি।
চিঠিতে কক্ষ বরাদ্দের বিষয়টিকে ‘আনন্দ সংবাদ’ হিসেবে উল্লেখ করে কক্ষটির ডেকোরেশনসহ অন্যান্য সৌন্দর্যবর্ধন কার্যক্রমের আর্থিক বিষয় অ্যালামনাই কমিটিকে বহন করতে বলা হয়। এ ছাড়া ওই কক্ষটি গতকাল উদ্বোধনের কথা থাকলেও উদ্বোধন হয়নি।