কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ৬ থেকে ৮ ডিসেম্বর সব সাংগঠনিক কার্যক্রম ও অনুষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সিদ্ধান্ত অনুযায়ী, অনিবার্য কারণবশত বিশ্ববিদ্যালয়ের ভেতরে শুক্রবার দুপুর ১২টা থেকে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সব সাংগঠনিক কার্যক্রম ও অনুষ্ঠান বন্ধ থাকবে। এই সময়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে জড়ো হয়ে কোনো অনুষ্ঠান না করার নির্দেশ দেওয়া হলো।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘প্রক্টরিয়াল বডির জরুরি মিটিংয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
শুক্রবার বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও নিষেধাজ্ঞা অনুযায়ী, কার্যক্রমটি স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।
এই বিষয়ে অনুষ্ঠানের অন্যতম আয়োজক বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ইভা বলেন, ‘প্রক্টর স্যারের মাধ্যমে নিষেধাজ্ঞার বিষয়ে জেনেছি। তবে এখনো প্রোগ্রাম বন্ধের কোনো সরাসরি সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি।
আতিকুর/নাইমুর/পপি/