কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছ ভর্তি পরীক্ষা ও পোষ্য কোটা বাতিলের দাবিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শনিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ৮৩তম সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় গুচ্ছে থাকবে না। নিজস্ব পদ্ধতিতে ভর্তি সংক্রান্ত তারিখও ঘোষণা করা হয়েছিল। অন্যদিকে পোষ্য কোটা বাতিলের দাবিতে স্মারকলিপি দেওয়া হলেও তা নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।
আলটিমেটামের বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হওয়ার এবং পোষ্য কোটা বাতিলের লিখিত ঘোষণা না দিলে প্রশাসনিক ভবনে তালা দেওয়া হবে।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. পাবেল রানা বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে অবশ্যই নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে হবে এবং পোষ্য কোটা বাতিল করার লিখিত ঘোষণা দিতে হবে। অন্যাথায় আমরা কঠোর কর্মসূচির দিকে যাব।’
আরেক সমন্বয়ক মো এমরান বলেন, ‘সংবাদ মাধ্যমে জানতে পেরেছি এ বছরও কুবি গুচ্ছে থাকবে। প্রশাসনের নেওয়া এ ধরনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আগামী বছর নয়, এ বছর থেকেই একক ভর্তি পরীক্ষা নিতে হবে। গুচ্ছ সিস্টেমের ফলে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্রতা দিন দিন হারিয়ে যাচ্ছে।’
পোষ্য কোটার বিষয়ে ওই শিক্ষার্থী বলেন, ‘পোষ্য কোটা বাতিলে জন্য আমরা প্রশাসনকে অবহিত করেছি কিন্তু প্রশাসন এখন পর্যন্ত এটার বিষয়েও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। কোটার ফলে শিক্ষার্থীদের মেধার অবমূল্যায়ন হয়।’
২০২৪ সালের ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়টির ৮৩তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে শুক্রবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী জানান, কুবি গুচ্ছ পদ্ধতিতেই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেবে।
আতিকুর রহমান/সুমন/অমিয়/