রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাজশাহী কলেজের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
শিমুল শিহাব রাজশাহী কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজশাহী নগরের মেহেরচণ্ডী এলাকার জামাল হোসেনের ছেলে।
তবে ওই শিক্ষার্থীর মৃত্যুর কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাইক নিয়ে দুর্ঘটনা, নাকি মারধর করে হত্যা- তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান জানান, ক্যাম্পাস থেকে রাত ১১টার দিকে একটি ছেলেকে হাসপাতালে আনা হয়েছিল। প্রথমে সড়ক দুর্ঘটনার কথা বলে লুকাচ্ছিল। পরে জেরার মুখে মারামারি করে মৃত্যু হয়েছে বলে জানায়। তাকে ফিজিক্যাল অ্যাসল্ট ব্রডডেথ হিসেবে পেয়েছেন। শরীরের বাইরের অংশে মেজর কোনো ক্ষতের দাগ পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় প্রত্যক্ষদর্শী দাবি করা এক শিক্ষার্থী নাম প্রকাশ না করা শর্তে বলেন, 'রাস্তায় রড বিছানো ছিল। এর মধ্যে দিয়ে বাইক চালাতে গিয়ে ওই ছেলে পড়ে গিয়ে অচেতন হয়ে যান। তখন ওই ছেলের সঙ্গে একটি মেয়ে ছিল। তাদের শরীরে তেমন আঘাত লাগেনি। ওই সময় কেউ গায়ে হাত কিংবা মারধর করেনি।'
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুরর রহমান বলেন, 'ক্যাম্পাসের ভিতরে শিমুল তার মেয়েবন্ধুকে নিয়ে সায়েন্স ভবনের দিকে বসে আড্ডা দিচ্ছিল। একপর্যায়ে প্রক্টর দপ্তরের গাড়ি দেখে তারা বাইক নিয়ে পালাতে যান। এ সময় ওই যুবক রাস্তায় পড়ে যান। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। এরপর রামেক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া অন্য কোনো ঘটনা আছে কিনা তা খুঁজে বের করতে হবে।'
বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক সাজিদ হাফিজ বলেন, 'যখন ওই ছেলেকে নিয়ে আসে তখন তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে গায়ে ধুলাবালি লেগে ছিল। ওই সময় রোগীর পালস বা বিপি কোনোটাই ছিল না। পরে তাকে আমরা রামেকে রেফার্ড করে দেই।'
এ বিষয়ে জানতে নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। একটু পর ময়নাতদন্ত শেষ হলে মৃত্যুর কারণ জানা যাবে।
এস আই সুমন/জোবাইদা/