কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সুনীতি-শান্তি হলের চার শিক্ষার্থীকে মাদকের অভিযোগে হলের বাইরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, প্রভোস্ট এবং প্রক্টরিয়াল বডির যৌথ সিদ্ধান্তে তাদের হল ছাড়তে বাধ্য করা হয়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হলের পরিবেশ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখার জন্য ওই শিক্ষার্থীদের আপাতত হলের বাইরে থাকার অনুরোধ করা হয়েছে।
এদিকে মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এক শিক্ষার্থী আতেফা নাহার লিয়া নিজের উদ্যোগে কুমিল্লা জেনারেল হাসপাতালে ডোপ টেস্ট করান। পরীক্ষার ফলাফল নেগেটিভ এলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তার টেস্ট ফলাফল গ্রহণ করেনি। আতেফা তার অভিযোগে বলেন, মাদকের অভিযোগ ভিত্তিহীন এবং তাকে হল থেকে বের করা সম্পূর্ণ অবিচার।
এ ব্যাপারে প্রক্টর (ভারপ্রাপ্ত) নাহিদা বেগম জানান, তদন্ত না হওয়া পর্যন্ত শিক্ষার্থীর ডোপ টেস্ট গ্রহণ করা সম্ভব নয় এবং এই প্রক্রিয়ায় রাজনৈতিক কোনো ইস্যু থাকতে পারে কি না, সেটিও যাচাই করা হবে।
সুনীতি-শান্তি হলের প্রভোস্ট ড. মোছা. শাহীনুর বেগম জানান, এই সিদ্ধান্তটি উভয়পক্ষের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে এবং ওই শিক্ষার্থীদের ফয়জুন্নেসা হলে থাকার ব্যবস্থা করা হয়েছিল।
তনয়/তাওফিক/