হোমাইরা জাহান সনম প্রথম বাংলাদেশি নারী, যিনি থাইল্যান্ডে আন্তর্জাতিক কৃষি গবেষণা প্রতিষ্ঠান এশিয়া-প্যাসিফিক অ্যাসোসিয়েশন অব অ্যাগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউশন্সে (APAARI) টেকনিক্যাল অফিসার হিসেবে কাজ করছেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে হোমাইরা কৃষি বিষয়ে স্নাতক ও কীটতত্ত্বে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পূর্বে তিনি আন্তর্জাতিক প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্সেস ইন্টারন্যাশনালে (CABI) বাংলাদেশের প্রোগ্রাম অফিসার হিসেবে কাজ করেছেন।
এশিয়া-প্যাসিফিক অ্যাসোসিয়েশন অব অ্যাগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউশন্স একটি সদস্যভিত্তিক, অরাজনৈতিক, বহু অংশীদার এবং আন্তঃসরকারি আঞ্চলিক সংস্থা, যার লক্ষ্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৃষি-খাদ্যব্যবস্থার উন্নতির জন্য সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করা। সংস্থাটি ১৯৯০ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)সহ ১৩টি দেশের সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। ২১টি কোর সদস্য দেশের মাঝে বাংলাদেশ অন্যতম।
হোমাইরার ছোটবেলা কেটেছে সুনামগঞ্জের ধর্মপাশার হাওরের প্রত্যন্ত অঞ্চল বড়ই গ্রামে। গ্রাম থেকে স্কুলে যেতে তিন কিলো রাস্তা হাঁটতে হয়। প্রত্যন্ত গ্রামের একমাত্র মেয়ে হিসেবে দেশের স্বনামধন্য সরকারি প্রতিষ্ঠান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়েন তিনি।
ছোট থেকে আর্মি অফিসার হওয়ার তীব্র বাসনা থাকলেও সামাজিক প্রতিবন্ধকতায় তা আর হয়ে ওঠেনি। তবে দমে যাননি তিনি। বিশ্ববিদ্যালয় থেকেই কৃষি গবেষণার নেশা তাকে পেয়ে বসে। সেই থেকে শুরু।
স্নাতকোত্তর শেষ করেই স্বামী ও পরিবার সামলে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি শুরু করেন। এর মাত্র ৬ মাস যেতেই প্রোগ্রাম অফিসার হিসেবে যুক্ত হন অ্যাগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্সেস ইন্টারন্যাশনালে (CABI) । যেখানে তিনি সুনামের সঙ্গে কাজ করেন এক বছরের বেশি। পরবর্তী সময়ে নিজ কর্মদক্ষতায় এশিয়া-প্যাসিফিক অ্যাসোসিয়েশন অব অ্যাগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউশন্সে (APAARI) টেকনিক্যাল অফিসার হিসেবে থাইল্যান্ডে কর্মরত আছেন।
তিনি প্রতিষ্ঠানটিতে গবেষণা ও উদ্ভাবন নিয়ে কাজ করছেন। জলবায়ুর প্রভাব মোকাবিলায় এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের কৃষি খাতকে প্রস্তুত রাখতে ন্যাচারাল রিসোর্স ব্যবস্থাপনা এবং এই অঞ্চলকে স্যানিটারি ও ফাইটোস্যানিটারি মেজারমেন্টে দক্ষ করে কৃষিবাণিজ্যে এগিয়ে থাকা এবং টেকসই কৃষি অনুশীলন নিশ্চিত করার উদ্দেশ্যে বিভিন্ন প্রকল্প পরিচালনা, নারীর ক্ষমতায়ন প্রকল্প, এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের গবেষণা সমন্বয়সহ নানাবিধ কৃষির উন্নয়নমূলক কাজে যুক্ত আছেন।
/রিয়াজ