খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য ড. মুহাম্মদ মাসুদের অপসারণের দাবিতে আমরণ অনশন কর্মসূচিতে অনড় রয়েছেন শিক্ষার্থীরা। এ অবস্থায় তাদের সঙ্গে কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা।
বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সিআর আবরার কুয়েটে অনশনস্থলে উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
কুয়েট ক্যাম্পাসে শিক্ষা উপদেষ্টার আগমনে নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে। যার কারণে ক্যাম্পাসের ফটকগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে আজ দুপুর ১২টা পর্যন্ত আন্দোলনরত ৩২ শিক্ষার্থীর মধ্যে ৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪টায় শুরু হওয়া আমরণ অনশন কর্মসূচি ইতোমধ্যে ৪৪ ঘণ্টা পার হয়েছে। প্রচণ্ড গরমে ও দীর্ঘ সময় না খেয়ে থাকায় অনশনে আন্দোলনরত শিক্ষার্থীদের সবাই শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছেন। অনেকের শরীরে রক্তচাপ কমে গেছে। কুয়েটের আবাসিক হল ও বাইরের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সামনে জড়ো হচ্ছেন।
উপদেষ্টা আন্দোলন ও অনশনরত শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘শিক্ষার্থীরা উষ্ণ আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়বেন এবং তাদের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে অনশন প্রত্যাহার করার অনুরোধ করেছি। তারা সার্বিক পরিস্থিতি তুলে ধরে ভিসিকে অপসারণের দাবি জানিয়েছেন। কিন্তু যেহেতু বিশ্ববিদ্যালয়ে আলাদা একটা আইন রয়েছে, সেই আইনকে মাথায় রেখেই এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।’
ক্যাম্পাসের এই পরিস্থিতিতে করণীয় নির্ধারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল আজ (বুধবার) সকালে কুয়েটে এসেছে। তারা শিক্ষক ও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছে।
এদিকে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন।
মাকসুদ/তাওফিক/