বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া একটি শিক্ষার্থীর জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা। শুধু একাডেমিক উন্নয়নের জন্য নয়, বরং এই অধ্যায় ব্যক্তিত্ব গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কুল বা কলেজের তুলনায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অনেকটা ভিন্ন ও স্বাধীন। এই নতুন পরিবেশে সঠিকভাবে মানিয়ে নিতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা খুব জরুরি।
১. নিজস্ব সময় ব্যবস্থাপনা গড়ে তোলা
বিশ্ববিদ্যালয়ে ক্লাসের সময়সূচি অনেকটা খোলামেলা হয় এবং অনেকে একসঙ্গে পড়াশোনার পাশাপাশি পার্টটাইম কাজ বা অন্যান্য কার্যক্রমে যুক্ত হয়। তাই শুরু থেকেই সময়কে সঠিকভাবে কাজে লাগানোর অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। সময় নষ্ট না করে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ ও পড়ালেখার জন্য আলাদা সময় নির্ধারণ করা জরুরি।
২. নেটওয়ার্ক তৈরি
বিশ্ববিদ্যালয় হচ্ছে মতবিনিময়ের একটি উন্মুক্ত ক্ষেত্র। নতুন বন্ধু তৈরি, সিনিয়রদের সঙ্গে পরিচিত হওয়া এবং শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখা শিক্ষাজীবনকে অনেক সহজ করে তোলে। বিভিন্ন ক্লাব ও সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে আত্মবিশ্বাস বাড়ানো যায় এবং নেতৃত্বগুণও গড়ে ওঠে।
৩. আর্থিক পরিকল্পনা
বিশ্ববিদ্যালয় জীবনে খরচ বাড়ে। বই, নোট, যাতায়াত, খাবার ও অন্যান্য ব্যয় থাকে। তাই মাসিক বাজেট তৈরি করে খরচ নিয়ন্ত্রণ করা ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী হিসেবে বিভিন্ন বৃত্তি বা পুরস্কার সম্পর্কেও খোঁজ রাখা প্রয়োজন।
৪. স্বাস্থ্য ও মানসিক সুস্থতা
নতুন পরিবেশে মানিয়ে নিতে অনেকেই মানসিক চাপের মুখে পড়ে। খাওয়া-দাওয়ার অনিয়ম, ঘুমের অভাব ইত্যাদি শরীর ও মনের ওপর প্রভাব ফেলে। তাই পরিমিত ঘুম, সুষম খাবার এবং মাঝে মধ্যে ব্যায়াম বা খেলাধুলায় অংশগ্রহণ করাও প্রয়োজন।
৫. প্রযুক্তির সঠিক ব্যবহার
বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনেক কিছুই অনলাইনভিত্তিক হয়ে থাকে। তাই প্রযুক্তির সঠিক ব্যবহার শিখে রাখা আবশ্যক। তবে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলা উচিত।
৬. আত্ম-উন্নয়ন ও দক্ষতা অর্জন
শুধু পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ না থেকে বিভিন্ন দক্ষতা যেমন—কমিউনিকেশন, প্রেজেন্টেশন, সফটওয়্যার, বিদেশি ভাষা ইত্যাদি শেখার দিকে নজর দেওয়া উচিত। এসব দক্ষতা ভবিষ্যতের কর্মজীবনে সহায়ক হবে।
/রিয়াজ