বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অন্তর্বর্তী উপাচার্য (ভিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। বিশ্ব বিদ্যালয়ের তিনি ৬ষ্ঠ উপাচার্য হিসেবে দুই-এক দিনের মধ্যে যোগদান করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ববি’র ভিসি নিয়োগ দেওয়া হয়। অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের শিক্ষক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয় আইন ২০০৬-এর ১০(১) ও ১০(৩) ধারা অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।
তার নিয়োগের শর্তে বলা হয়েছে, বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন।
এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে মঙ্গলবার (১৩ মে) রাতে আন্দোলনের মুখে ববির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে অপসারণ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতিক্রমে উপাচার্য ড. শুচিতা শারমিন, উপ-উপাচার্য ড. গোলাম রব্বানি এবং কোষাধ্যক্ষ ড. মামুন অর রশিদকে অব্যাহতি দেওয়া হলো।
সদ্য সাবেক উপ-উপাচার্য গোলাম রাব্বানি এবং কোধাষ্যক্ষ অধ্যাপক মামুন অর রশিদ প্রজ্ঞাপনের বিষয়টি স্বীকার করেছেন।
উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষক-ছাত্ররা গত ২৮ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন। সেই আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার রাত থেকে কয়েকজন শিক্ষার্থী উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করে।
অনশনে গিয়ে মঙ্গলবার অন্তত ৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে একদফা দাবিতে শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন।
মঈনুল ইসলাম সবুজ/মাহফুজ