এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রধান ফটকে অবস্থান করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
রবিবার (২২ জুন) বেলা ১২টা থেকে তিন ঘণ্টাব্যাপী শিক্ষাবোর্ডের প্রধান ফটকের সামনে বিক্ষোভে অংশ নেয় ২৫ থেকে ৩০ জন এইচএসসি পরীক্ষার্থী। এ সময় শিক্ষার্থীরা ‘সুরক্ষা না পরীক্ষা, সুরক্ষা সুরক্ষা’ বলে স্লোগান দিতে থাকে।
জানা গেছে, অবস্থান নেওয়ার একপর্যায়ে শিক্ষার্থীরা মূল ফটক বন্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এরপর সেখানে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এসে তাদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবি জানান।
শিক্ষার্থীরা বলেন, করোনার সংক্রমণ বাড়ছে। এ সময় পরীক্ষা নেওয়ার কোনো মানেই হয় না। পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরা যাবেন। এ সময় কোনো কারণে একজন পরীক্ষার্থী করোনায় আক্রান্ত হলে সে পরের পরীক্ষাগুলো কীভাবে দেবে? এ ক্ষেত্রে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হবে। তাই এইচএসসি পরীক্ষা দুই মাস পেছাতে হবে। অন্যথায় বিক্ষোভ চলবে।’
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘পরীক্ষা পেছানোর দাবিতে কিছু শিক্ষার্থী বোর্ডের সামনে অবস্থান নেয়। তাদের দাবির বিষয়টি আমরা আন্তঃবোর্ডে জানিয়েছি। তারা বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে জানাবেন। শিক্ষাবোর্ড তো একক কোনো সিদ্ধান্ত নিতে পারে না।’ আগামী ২৬ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।