নানান জল্পনা-কল্পনা শেষে আগামীকাল মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ সোমবার (২৮ জুলাই) খবরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক ও ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেটের কনফারেন্স হলে ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এরপরই আমরা গণমাধ্যমে আমরা তফসিলটি দিয়ে দেব এবং একইসঙ্গে বিশ্ববিদ্যালয় সেটি প্রেস রিলিজ আকারেও সরবরাহ করবে।’
উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর অচল থাকার পর ২০১৯ সালে নির্বাচনের মাধ্যমে সচল হয় ডাকসু ও ১৮টি হল সংসদ। ডাকসু ও হল সংসদের সর্বশেষ কমিটির মেয়াদ শেষ হয় ২০২০ সালে। করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাস। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ২০২১ সালের ৫ অক্টোবর থেকে হল ও ক্যাম্পাস খুলে দেওয়া হয়। সেই নির্বাচনের পাঁচ বছর পার হতে চলছে। এরপর চার বছর পেরুলেও ডাকসু ও হল সংসদ নির্বাচনের কোনো উদ্যোগ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাবি শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন করা। কেননা শিক্ষার্থীরা দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতির গেঁড়াকলে পড়তে চান না, এরই পরিপ্রেক্ষিতে ফের ডাকসু নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়। ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত নির্বাচনের আশ্বাস দিলেও ছিল না কোনো নির্দিষ্ট সময়সূচি, গত ২০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের অংশীজনদের সঙ্গে তফসিল সংক্রান্ত চূড়ান্ত সভায় তফসিল ঘোষণা এবং আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
আরিফ জাওয়াদ/মাহফুজ