বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) শিক্ষা ক্যাডারে আনুপাতিক হারে ক্যাডার সংখ্যা বণ্টনের দাবিতে বিক্ষোভ করেছে ব্যবসায় শিক্ষা অনুষদের তিন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। দাবি মেনে নেওয়া না হলে লাগাতার অবস্থান কর্মসূচি এবং অনশন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু করে। এরপর বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
বিক্ষোভে অংশ নেওয়া ব্যবসায় শিক্ষা অনুষদের তিনটি ডিপার্টমেন্ট হলো- ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএসএম), ইন্টারন্যাশনাল বিজনেস (আইবি) ও অরগানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ (ওএসএল)।
শিক্ষা ক্যাডারে এই তিন বিভাগের বঞ্চনার কথা উল্লেখ করে অরগানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ (ওএসএল) বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম বলেন, ‘ব্যবসায় অনুষদের অন্য বিভাগগুলোর সঙ্গে প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ কোর্সে মিল থাকা সত্ত্বেও আমরা শিক্ষা ক্যাডারে বারবার বঞ্চিত হচ্ছি। ৪৯তম স্পেশাল বিসিএসে কিছুদিন আগে ওএসএল বিভাগ ম্যানেজমেন্ট বিভাগের সঙ্গে শিক্ষা ক্যাডার পেয়েছিল এবং ইন্টারন্যাশনাল বিজনেস ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রক্রিয়াধীন অবস্থায় ছিল। কিন্তু ম্যানেজমেন্ট বিভাগের বিক্ষোভের মুখে পিএসসি তাদের যৌক্তিক সিদ্ধান্ত বাতিল করে।’
এ সময় দুটি দাবি উল্লেখ করে তিনি বলেন, ‘সব কলেজে আইবি, টিএইচএম এবং ওএসএল ডিপার্টমেন্ট খুলতে হবে এবং যেহেতু এই তিনটি ডিপার্টমেন্টের সঙ্গে ব্যবসায় শিক্ষা অনুষদের অন্য ডিপার্টমেন্টের ৭০ থেকে ৮০ শতাংশ মিল রয়েছে, সেই আসনগুলি সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে। বাকি ৩০ শতাংশ ম্যানজেমেন্টসহ শিক্ষা ক্যাডারের অন্যান্যদের জন্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ, আনুপাতিক হারে আমাদের ন্যায্য অধিকার দিতে হবে।’
মিছিলটিতে তিন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মিছিল শেষ করে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ডিনের কাছে তাদের স্মারকলিপি দেন। পরবর্তী কর্মসূচি উল্লেখ করে তারা জানান, আমাদের থেকে একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) যাবে।
আরিফ জাওয়াদ/সুমন/