রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) মনোনয়নপত্র বিতরণ বন্ধের ঘটনাকে ষড়যন্ত্র বলে মনে করে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীরা।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে মনোনয়নপত্র বিতরণ বন্ধের বিজ্ঞপ্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ ও সন্দেহ প্রকাশ করেন অনেকেই।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির সাবেক সমন্বয়ক ও রাকসুর ভিপি পদপ্রার্থী মেহেদী সজীব ফেসবুকে লেখেন, 'রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। যা রাকসু হওয়ার পথে আরেকটি বাধা। এই ধরনের ষড়যন্ত্রের আভাস পাচ্ছিলাম। অবশেষে হলোও তাই!'
তিনি আরও লেখেন, 'রাকসু ১৫ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটলে তা দীর্ঘমেয়াদে সংকট তৈরি করবে। তফশিল অনুযায়ী বাকি ডেইটগুলো বাস্তবায়ন করবে রাকসু নির্বাচন কমিশন এমনটাই আমাদের জোরালো দাবি।'
রাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৯ আগস্ট; মনোনয়নপত্র বিতরণ করা হবে ২০ থেকে ২৩ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত; মনোনয়নপত্র দাখিল করা যাবে ২৪ থেকে ২৬ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত; মনোনয়নপত্র বাছাই হবে ২৭ ও ২৮ আগস্ট; প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ৩১ আগস্ট এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর। তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শাকিবুল/মৌসুমী/