বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে।
রবিবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে তারা এ কর্মসূচি পালন করেন।
এতে মহাসড়কের দুই প্রান্তে যানজট বেড়ে গিয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বেলা ২টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করেন।
শিক্ষার্থীদের তিন দফার মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি ও নিরাপদ পরিবহনব্যবস্থা নিশ্চিতকরণ।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ করে জানান, ১৪ বছর পেরোলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সংকট কাটেনি। বর্তমানে সাতটি অনুষদের ২৫ বিভাগে প্রায় ১০ হাজার শিক্ষার্থীর পাঠদানের জন্য অন্তত ৭৫টি শ্রেণিকক্ষের প্রয়োজন। কিন্তু সেখানে রয়েছে মাত্র ৩৬টি। অনেক সময় খোলা মাঠে ক্লাস চলে। শ্রেণিকক্ষ ও শিক্ষক-সংকটের কারণে সেশনজট প্রকট আকার ধারণ করেছে।
এ ছাড়া শিক্ষক ও আবাসন সংকট, গ্রন্থাগারে বইয়ের স্বল্পতা, শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ, সুইমিং পুল ও জিমনেসিয়ামের অভাব শিক্ষাজীবন ব্যাহত করছে। প্রতিদিন ঝুঁকিপূর্ণ পরিবহনে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের। একই ভবনে প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম চলায় শিক্ষক-কর্মচারীরাও দুর্ভোগে পড়ছেন।
শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের যেদিকে তাকাবেন সেদিকেই সংকটে ভরপুর। আমরা এবার বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনে নেমেছি। যদি আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে মেনে না নেওয়া হয়, তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’ একই দাবিতে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন, মিছিল ও গণস্বাক্ষর কর্মসূচি চালালেও প্রশাসন বা ইউজিসির কোনো প্রতিনিধি তাদের সঙ্গে যোগাযোগ করেনি। তাই বাধ্য হয়েই তারা মহাসড়ক অবরোধে নেমেছেন।
তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দাবিদাওয়া পূরণে তাদের সঙ্গে যোগাযোগ না করে, তবে দক্ষিণবঙ্গকে অচল করে দেওয়া হবে।’
শিক্ষার্থী ইনজাম শাওন বলেন, ‘এখানে সব ক্ষেত্রেই সংকট। এর মধ্যে শ্রেণিকক্ষ-সংকট সবচেয়ে বেশি ভোগাচ্ছে। এ অবস্থায় শুধু পাঠদানই নয়, প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। এ ছাড়া প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে
ফিটনেসবিহীন পরিবহনে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের।’
বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
সবুজ/রিফাত/