চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় হাটহাজারী ফতেহপুর ও বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেট এলাকায় আগামীকাল রাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (৩০ আগস্ট) হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেইট বাজারের পূর্ব সীমা থেকে পূর্বদিকে রেলগেইট পর্যন্ত সড়কের উভয় পাশে স্থানীয় জনসাধারণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরস্পর মুখোমুখি ও আক্রমণাত্মক হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং বর্তমানে পক্ষসমূহ আক্রমণাত্মক অবস্থায় রয়েছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা ও শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট বাজারের পূর্ব সীমা থেকে পূর্বদিকে রেলগেইট পর্যন্ত রাস্তার উভয় পাশে রবিবার দুপুর ২ টা থেকে ১ সেপ্টেম্বর সোমবার রাত ১২ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এই সময়ে ৫ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন তিনি।
চবির উদ্ধারকৃত অস্ত্র শিক্ষার্থীদের হাতে
এদিকে, ৫ আগস্ট পট পরিবর্তনের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে উদ্ধার করা দা, কিরিচ, হেলমেটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর থেকে ছিনিয়ে নিয়েছে। এসব অস্ত্র নিয়ে তারা ফের গ্রামবাসীর সঙ্গে মারামারি করতে ছুটে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাত থেকে শিক্ষার্থীদের হাতে কোনো ধরনের অস্ত্র ছিল না। এখন নিরাপত্তা দপ্তর থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার পর তাদের হাতেও অস্ত্র থাকায় সংঘর্ষ আরও বেশি রক্তক্ষয়ী হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, ১৪৪ ধারা জারি করলেও বিশ্ববিদ্যালয় ও আশপাশের গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন উপস্থিতি পরিলক্ষিত হয়নি।
মেহেদী/