ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নির্বাচন কমিশন একটি গোষ্ঠীর পক্ষের কাজ করছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নির্বাচন পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
আব্দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশন একটি গোষ্ঠীর পক্ষে কাজ করছে। ছাত্রদলের পক্ষে সাফাই গাইছে। মনোনয়নপত্র সময় শেষ হওয়ার পরেও শুধুমাত্র ছাত্রদলকে সুবিধা দেওয়ার জন্য সময় বাড়ানো হয়। ছাত্রশিবির ও ছাত্রদল আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতা করছে। এত ষড়যন্ত্রের পরও সাধারণ শিক্ষার্থীরা ভোট দিতে আসছে কিন্তু তাদের সাথে তামাশা করা হচ্ছে। ছাত্রদলের ভিপি প্রার্থী কেন্দ্র ঢুকে গেছে। নির্বাচন কমিশন দর্শকের ভূমিকা পালন করছে। নিয়ম শৃঙ্খলা মানছেন না।’
এই প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার নির্বাচন কমিশনের কাছে দুটি অভিযোগ দিয়েছে বলে জানান।
তিনি বলেন, ‘আমরা দুটি অভিযোগ উপস্থাপন করেছি। একটি হচ্ছে আগে ব্যালট পেপার পূরণ করা হয়েছে। সেরকম ব্যালট একজন ভোটারকে দেওয়া হয়েছে। আমরা জেনেছি তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইউল্যাব কেন্দ্রে ভোট কনভার্ট করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছিল সাংবাদিকরা আমাদের জানিয়েছেন।’
কবির/মৌসুমী/