ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলে চারটি ভাড়া করা ডাবল ডেকার বাস উদ্ভোধনের পর দিনই একটি বাস (সঞ্চারী) বিকল হয়ে পড়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে ঝিনাইদহ ক্যাডেট কলেজের পাশে বিকল হয়ে পড়ে বাসটি। এতো দ্রুত এ সমস্যার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
জানা যায়, গত রবিবার দুপুর সাড়ে ১২টায় এসব বাস উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সোমবার বিকেলে ক্যাম্পাস থেকে ঝিনাইদহ বাস টার্মিনালগামী যাওয়ার পথে সঞ্চারী বাসটি ঝিনাইদহ ক্যাডেট কলেজের পাশে এসে বিকল হয়ে পড়ে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয় পরিবহন পুলে পাবনা বাস ডিপো থেকে ভাড়া করা নতুন চারটি ভাড়া করা ডাবল ডেকার বাস যুক্ত হয়। তবে এই বাসগুলো ঢাকার বিভিন্ন রুটে চলেছিল বলে জানা গেছে। যার ফলে দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে বাসগুলোতে ত্রুটি রয়েছে। উদ্বোধন হওয়া বাসগুলোর বডির যেখানে সেখানে ভাঙা, সামনের গ্লাস ও একাধিক জানালায় জোড়া-তালি দেওয়া, দরজায় হাতল নেই, ওয়াইপার নেই। তাছাড়াও বাসগুলোতে ছোটবড় অনেক ত্রুটি রয়েছে। চালকরা জানিয়েছে, বাসগুলো ঢাকায় চলাচল করার কারণে এমন দশা হয়েছে। তবে ইঞ্জিন ঠিক আছে।
সমালোচনা করে ফেসবুকে একজন শিক্ষার্থী লিখেছেন, খুবই পুরাতন, সামান্য মডিফাই ও রং করে ইবিতে ভাড়া খাটাবে বিআরটিসি। এর চাইতে মনে হচ্ছে আমাদের আগের ভাঙা বাসই ভালো চলবে।
আরেকজন শিক্ষার্থী লিখেছেন, যে গাড়ি কোথাও চলে না, তা ইবিতে চলে।
এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ আব্দুর রউফ বলেন, আমি বিআরটিসি কর্তৃপক্ষে সঙ্গে যোগাযোগ করেছি। গাড়িটির সম্ভবত চাকায় প্রবলেম হয়েছে। ওটা এখন ঠিকঠাক করা হচ্ছে।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে, পরিবহন পুলে মোট বাস রয়েছে ৫৬টি। নতুন ডাবল ডেকার চারটি ভাড়া বাস যুক্ত হয়ে এই সংখ্যা দাঁড়ালো ৬০টি। তার মধ্যে শিক্ষক-কর্মকর্তাদের ৮টি এসি বাসসহ নিজস্ব বাস ২৪টি এবং ভাড়াকৃত ৩৬টি। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ৬টি বাস। বাকি নিজস্ব বাসগুলো কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ রয়েছে। এদিকে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নিজস্ব ডাবল ডেকার বাস আছে একটি এবং সর্বশেষ সংযোজনসহ ভাড়াকৃত ডাবল ডেকারের সংখ্যা ১৩টি। বাকিসবই ভাড়া বাসে যাতায়াত করে।
নিয়ামত/মাহফুজ