জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল আজ সন্ধ্যা ৭টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা পৌনে বারোটার দিকে তিনি এ তথ্য জানান।
তিনি জানান, ভোট গণনার কাজ প্রায় শেষের দিকে। দুপুর দুইটা থেকে আড়াইটার মধ্যে গণনার কাজ শেষ হবে। এরপর ফল ঘোষণার প্রস্তুতি নেওয়া হবে। আশা করছি, সন্ধ্যা সাতটার মধ্যে নির্বাচনের ফল ঘোষণা হবে।
এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছিলেন কমিশনার অধ্যাপক লুৎফুল এলাহী।
তিনি বলেন, '১৫টি হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি আছে ৬টি হল। আধাঘণ্টার মধ্যে আরও দুটি হলের গণনা শেষ হবে। সব মিলিয়ে দুপুর দেড়টা বা দুইটার মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।'
ভোট গণনায় বিলম্বের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, 'ম্যানুয়াল প্রক্রিয়ার কারণে দেরি হচ্ছে। এবার প্রায় ৮৫০০ ভোট কাস্ট হয়েছে। শিক্ষকরাই গণনার দায়িত্ব পালন করছেন, কিন্তু তারা অভিজ্ঞ না হওয়ায় সময় বেশি লাগছে।'
কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তারের পদত্যাগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অধ্যাপক লুৎফুল এলাহী বলেন, 'কমিশনে এখনো কোনো চিঠি আসেনি। আমরা এ বিষয়ে জানি না, তাই মন্তব্যও করতে পারছি না।'
এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৫৯ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন এবং এজিএস পদে ১৬ জন (নারী ৬, পুরুষ ১০) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাকসু নির্বাচনে পূর্ণ ও আংশিক মিলিয়ে মোট আটটি প্যানেল অংশ নেয়। তবে ভোট কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেল, প্রগতিশীল শিক্ষার্থীদের ‘সম্প্রীতির ঐক্য’, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সংশপ্তক পর্ষদ, 'স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’, ছাত্র ফ্রন্টের একাংশ এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
সুমন/