প্রার্থীদের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ব্যালট নম্বর নির্ধারণ বিষয়ক নীতিমালা সংশোধন করেছে নির্বাচন কমিশন। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে লটারির মাধ্যমে ব্যালট নম্বর নির্ধারিত হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে কমিশনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে নতুন নীতিমালা অনুযায়ী রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে লটারির মাধ্যমে কেন্দ্রীয় সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ব্যালট বরাদ্দ দেওয়া হবে।
এর আগে শনিবার কয়েকটি প্যানেলের নেতারা নির্বাচন কমিশনে গিয়ে ব্যালট নম্বর বরাদ্দ পদ্ধতি নিয়ে আপত্তি তোলেন। পরে রাতে নির্বাচন কমিশনের জরুরি সভায় নীতিমালা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্বাচন কমিশনের পূর্বের নীতিমালার ৬(৪) ধারা অনুযায়ী, “প্রার্থীদের তালিকা প্যানেল আকারে জমা হলে লটারির মাধ্যমে প্যানেলের ক্রমধারা নির্ধারিত হবে। নির্বাচন কমিশন স্বতন্ত্র প্রার্থীদের নামের তালিকা বাংলা বর্ণমালার আদ্যক্ষর ক্রমানুসারে প্রকাশ করবে।”
তবে সংশোধিত নীতিমালা অনুযায়ী, “রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর প্রার্থীদের প্রত্যেকের ব্যালট নম্বর প্রতিটি পদের বিপরীতে লটারির মাধ্যমে নির্ধারিত হবে।”
শনিবার রাতে নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রবিবার বিকেল ৩টায় সিনেট ভবনে সব প্রার্থীকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেখানে প্রতিটি পদের বিপরীতে লটারির মাধ্যমে ব্যালট নম্বর দেওয়া হবে।
মনোনয়নপত্র প্রত্যাহার করলেন যারা:
রাকসুর মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা ছিল শনিবার। এদিন ভিপি প্রার্থীসহ মোট ১৪ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। শনিবার রাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল তথ্যটি নিশ্চিত করেন।
প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন— শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ভিপি প্রার্থী মাহমুদুল হাসান মিঠু এবং মো. আবুল হায়াত। জিএস পদে সমসের আলী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়াও, ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে মো. মেহেদী হাসান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুক্তাদির কুয়াশা, মহিলা বিষয়ক সম্পাদক সুমাইয়া মুস্তারিন মুন, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক রমজানুল মোবারক, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক দিদারুল হাসান, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ও লুবনা শারমিন, নির্বাহী সদস্য পদে মো. সিফাত সরকার।
সিনেট ছাত্র প্রতিনিধি পদে মনোনয়ন প্রত্যাহার করেছেন— মাহমুদুল মিঠু, সাফিন আহমেদ এবং মোজাহিদুল ইসলাম।
শাকিবুল/মেহেদী