চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন হল সংসদ নির্বাচনে পাহাড়ি ছাত্রীদের সমন্বয়ে গঠিত পূর্ণ প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে ‘হৃদ্যতার বন্ধন’। নওয়াব ফয়জুন্নেছা হল সংসদে এ প্যানেল থেকে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাকসু ভবন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্যানেলের প্রার্থীরা।
এই প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাট্যকলা বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী প্রমিতা চাকমা।
তিনি বলেন, “আমাদের হল নতুন। অনেক সংস্কারকাজ বাকি আছে। শিক্ষার্থীদের জন্য যা যা সংস্কার প্রয়োজন, সেসবের দাবিতে কাজ করতেই আমরা পূর্ণ প্যানেল নিয়ে নির্বাচন করছি।”
সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন পালি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সিংঞোইউ মারমা।
তিনি বলেন, “হলের খাবারের মান, লাইব্রেরির উন্নয়নসহ যেসব সংস্কারের প্রয়োজন, আমরা সেগুলো নিয়ে কাজ করব।”
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মে থুই চিৎ খেয়াং।
তার বক্তব্য, “শিক্ষার্থীদের মৌলিক চাহিদা নিশ্চিত করার পাশাপাশি বিভেদহীন পরিবেশ গড়ে তুলতে চাই আমরা। তাই প্যানেলে সব পাহাড়ি ছাত্রীগোষ্ঠী থেকে প্রতিনিধি রাখা হয়েছে।”
এ ছাড়া সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আছেন খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইতি চাকমা (স্পোর্টস সায়েন্স); সাহিত্য-সংস্কৃতি সম্পাদক প্রত্যাশা চাকমা (সংগীত); দপ্তর সম্পাদক খিং খিং রাখাইন (হিসাববিজ্ঞান); সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক অপরাজিতা বড়ুয়া (পালি); বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক সুরঞ্জনা ত্রিপুরা (উদ্ভিদবিজ্ঞান); স্বাস্থ্য সম্পাদক অংমে মারমা (পালি) রিডিংরুম; ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক মোনালিসা চাকমা (মার্কেটিং); যোগাযোগ ও আবাসন সম্পাদক শ্রেয়া তালুকদার (পালি); নির্বাহী সদস্য শিপ্রা তঞ্চঙ্গ্যা (উদ্ভিদ বিজ্ঞান), অনন্যা চাকমা (পরিসংখ্যান), প্রমিতা ত্রিপুরা (বাংলা)।
আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
সবশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানান, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৫–১৭ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর।
আল আরাফ/অমিয়/