চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে এবার মনোনয়ন নিয়েছেন সহস্রাধিক প্রার্থী।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ছিল মনোনয়নপত্র বিতরণের শেষ দিন। শেষ দিনে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় সামলাতে বাড়ানো হয় বুথের সংখ্যা।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সংসদে মনোনয়ন সংগ্রহ করেছেন ৪৩৪ জন এবং হল সংসদে প্রায় ৬০০ জন প্রার্থী। সে হিসেবে, আসন্ন নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১ হাজার ৩৪ জন প্রার্থী।
ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন সমর্থিত প্রার্থীরাও মনোনয়ন নিয়েছেন। তবে অনেক সংগঠন এখনও তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেনি। এবার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা এখনও মনোনয়ন সংগ্রহ করেনি। যদিও মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের সুযোগ রয়েছে।
চবি শাখা ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিন জানান, ভিন্ন ভিন্ন গ্রুপে তাদের প্রার্থীরা মনোনয়ন নিলেও একক বা জোটবদ্ধভাবে প্যানেল দেওয়া হবে কিনা তা এখনো ঠিক হয়নি। অন্যদিকে অংশগ্রহণমূলক প্যানেল দেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্র শিবির।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, পাহাড়ি ছাত্র পরিষদসহ আট থেকে দশটি সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন যৌথভাবে ইনক্লুসিভ প্যানেল দেওয়ার কথা জানিয়েছে। আর ছাত্র অধিকার পরিষদ ‘চাকসু ফর র্যাপিড চেইঞ্জ’ নামে একক প্যানেলে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।
এদিকে চাকসু নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’ নামে একটি পূর্ণাঙ্গ প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে ‘প্রীতিলতা হলের সঙ্গে সংস্থার কর্মীরা।
মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে চাকসু ভবনের দ্বিতীয় তলায় হল সংসদের জন্য ফরম সংগ্রহ করে প্যানেলটির ১২ জন শিক্ষার্থী। প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিজাবাহুল জান্নাত তারিন। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাদিয়া সুলতানা তাসনিয়া এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে থাকবেন ভূগোল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফরিদা রিমা।
সহ সভাপতি পদপ্রার্থী তারিন বলেন, 'আজ আমরা ১২ জন মিলে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। ইনশাল্লাহ দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ও পদের তথ্য জানানো হবে।'
এজিএস পদপ্রার্থী আফরিদা রিমা বলেন, আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ব্যানারে প্যানেল ঘোষণা করেছি। আমাদের হলে ডাইনিং সমস্যা, পাঠাগারে পর্যাপ্ত বইয়ের অভাব ও ছোট নামাজ রুমের মতো বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবো।
অন্যদিকে রবিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই শিক্ষার্থী। তারা হলেন- সোহরাওয়ার্দী হলের হাবিবুর রহমান (কেন্দ্রীয় ভিপি পদে) এবং শাহজালাল হলের শাহরিয়ার হাসান (কার্যনির্বাহী সদস্য পদে)।
এ ছাড়া ইতিমধ্যেই প্যানেল ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জোট ‘দ্রোহ পর্ষদ’, ছাত্র অধিকার পরিষদের ‘চাকসু ফর র্যাপিড চেঞ্জ’ এবং ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী সংসদ’।
মনোনয়ন বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, নির্ধারিত সময়ের বাইরে যাদের প্রয়োজন হবে, তাদেরও মনোনয়ন নেওয়ার সুযোগ দেওয়া হবে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৮ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে। ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এরপর আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত চাকসু ও হল সংসদ নির্বাচন।
সুমন/