চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এ প্যানেল ঘোষণা করেন।
এ প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. শাফায়াত হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আইয়ুবুর রহমান তৌফিক।
এছাড়া খেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হয়েছেন আজহারুল ইসলাম বিপশু, সহ-খেলাধুলা সম্পাদক জয় বড়য়া, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মো. মোজাম্মেল হক হৃদয়, সহ-সাহিত্য সম্পাদক শহীদুল কায়সার, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম ভূঁইয়া, সহদপ্তর সম্পাদক শাহরিয়ার উল্লাহ ফাহাদ, ছাত্রী কল্যাণ সম্পাদক নুজহাত জাহান এবং সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক শাফকাত শফিক। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক হয়েছেন মো. ওজায়ের হোসেন, গবেষণা ও উন্নয়ন সম্পাদক ফাইরুজ সাদাফ দ্বীপ, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক ইমাম হাসান, স্বাস্থ্য সম্পাদক মোহাম্মদ আবরার গালিব, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক শাহরিয়ার লিমন এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন শ্রুতিরাজ চৌধুরী। এছাড়া যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. সায়েম উদ্দিন আহমেদ, সহ-যোগাযোগ সম্পাদক ইয়াসিন আরাফাত, আইন ও মানবাধিকার সম্পাদক আব্দুল্লাহ আল সাকিব এবং পাঠাগার ও কাফেটেরিয়া সম্পাদক হয়েছেন মো. জাবেদ।
এ প্যানেলের সদস্য হিসেবে রয়েছেন ফয়সাল প্রান্ত বাবর, মিজান মিয়া, নুসরাত জাহান, এস এম তরিকুল ইসলাম রিমন ও তায়েফ হোসেন ইমন।
ঘোষণা অনুষ্ঠানে নাসির উদ্দীন নাসির বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ছাত্রদল সবসময় সক্রিয় থাকবে। এই প্যানেলই শিক্ষার্থীদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।”
আরাফ/রিফাত/