রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় বিচার চেয়ে শিক্ষকদের ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের এ কথা জানান জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানে উপাচার্যের কনফারেন্স কক্ষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যদের সঙ্গে মিটিং করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।
মিটিং শেষে জাতীয়তাবাদ শিক্ষক ফোরাম কর্মসূচি প্রত্যাহার করে একটি বিজ্ঞপ্তি দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্যের মোখিক প্রতিশ্রুতির প্রেক্ষিতে এবং রাকসু নির্বাচনের কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চলমান আন্দোলন কর্মসূচি আগামীকাল (২৬ সেপ্টেম্বর) তারিখ থেকে আপাতত স্থগিত ঘোষণা করা হলো। যদি দ্রুততম সময়ে দোষীদের শাস্তি এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা না হয়, সেক্ষেত্রে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সাধারণ শিক্ষকদের নিয়ে স্থগিতকরা কর্মসূচি পুনরায় গ্রহণ করতে বাধ্য হবে।
এ বিষয়ে অধ্যাপক আব্দুল আলিম বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে উপাচার্যের আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি আপাতত স্থগিত করেছি। তবে ২০ তারিখের অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু বিচার না হলে আমরা আবারো কর্মসূচিতে যাব।’
তবে আগামী ১৬ তারিখ রাকসু নির্বাচনের আগে আবারো কর্মসূচি দিবেন কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘৫ অক্টোবর ক্যাম্পাস খোলার পর আবার কর্মসূচি দেওয়ার বিষয়টি প্রশাসনের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করছে।’
৫ম দিনেও স্থবির ক্যাম্পাস
পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচির ফলে স্থবির হয়ে পড়েছে ক্যাম্পাস। এর আগে বুধবার ৭ দিনের আল্টিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করে কর্মকর্তা-কর্মচারীরা। তবে কর্মসূচিতে অটল থাকেন শিক্ষকদের একাংশ। ফলে বৃহস্পতিবার ৫ম দিনের মধ্যে স্থবির পরিস্থিতি বিরাজ করে। এদিকে উদ্ভুত পরিস্থিতিত শিক্ষার্থীরাও ক্যাম্পাস ছেড়ে ছুটছেন বাড়ির দিকে। ফলে সব পক্ষ কর্মসূচি প্রত্যাহার করলেও বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা কার্যত বন্ধ রয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটিতে যাচ্ছে ক্যাম্পাস।
শাকিবুল/রিফাত/