চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক ছাত্রের বিরুদ্ধে আরেক ছাত্রের গোসলের ভিডিও ধারণের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিচার দাবি করে শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিয়েছেন উপ-পরিচালকের দপ্তরে।
এ ঘটনায় অভিযুক্ত কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ওই শিক্ষার্থীর বিচারের দাবি তোলে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। বুধবার মধ্যরাতে চুয়েট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা হলের পঞ্চম তলার একটি গোসলখানায় এক শিক্ষার্থী গোসল করছিলেন। সে সময় অভিযুক্ত শিক্ষার্থী পাশের গোসলখানা থেকে তার ভিডিও ধারণ করেন। এক পর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থী অভিযুক্ত শিক্ষার্থীকে হাতেনাতে ধরে হলের শিক্ষার্থীদের কাছে নিয়ে আসেন। পরে শিক্ষার্থীরা তাকে হল প্রাধ্যক্ষের কাছে সোপর্দ করেন। এ ঘটনার ৯ দিনেও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
চুয়েটের শিক্ষার্থী মোহাম্মদ মাহিন বলেন, ‘যদি তিনি গোসলের ভিডিও ধারণ করে থাকেন তাহলে তা অত্যান্ত গর্হিত কাজ। এ জন্য ওই শিক্ষার্থীর শাস্তি পাওয়া উচিত। আর যদি ভুলবসত হয়ে থাকে তাহলে ক্ষমা চান, বিষয়টি নিয়ে এতো টানাটানি করার দরকার নেই।
এ বিষয়ে ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোক্তার হোসাইন বলেন, এ ঘটনা সম্পর্কে শিক্ষার্থীরা লিখিতভাবে জানিয়েছেন। আমরা তদন্তসাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেব।
আবদুস সাত্তার/নাঈম