চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীববিজ্ঞান অনুষদ এলাকা থেকে মাদকসহ তিনজন বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার পর তাদের আটক করা হয়।
আটকরা হলেন মো. ইব্রাহিম (১৮), মো. শরীফ (২৫) এবং সম্রাট সরকার (২০)।
তাদের দাবি ছিল, তারা স্থানীয়। কিন্তু নিরাপত্তা কর্মীদের সন্দেহ হলে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২ পিস ইয়াবা, ফয়েল পেপার, সিরিঞ্জসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে রাখা হয়।
জানা যায়, তাদের মধ্যে দুজনই বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট সংলগ্ন একটি দোকানের কর্মচারী এবং একজন রাজমিস্ত্রির কাজ করেন।
পরে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া ঘটনাস্থলে এসে একজনকে থানা হেফাজতে নিয়ে যান এবং বাকিদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী খবরের কাগজকে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় আমরা প্রতিনিয়ত দুই থেকে তিনটি টহল টিম পরিচালনা করি। আমাদের প্রক্টরিয়াল বডি এর আগে আরেকটি অভিযান পরিচালনা করেছিল। এরপর আমি ব্যক্তিগতভাবে টহলটি পরিচালনা করার সময় আনুমানিক রাত ১১টা ৪০ মিনিটের দিকে জীববিজ্ঞান অনুষদের পাশে একটি মোটরসাইকেলে সন্দেহজনকভাবে অবস্থান করায় তাদের তল্লাশি করি। তল্লাশি করার সময় ২ পিস ইয়াবাসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের নিরাপত্তা দপ্তরে নিয়ে আসা হয়েছে, আমাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
আরাফ/এসজি/