রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ধুলোয় মিশিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।
সোমবার (১৭ নভেম্বর) তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধানমন্ডি-৩২ বাড়ি ভাঙার আহ্বান জানিয়ে দুটি পৃথক পোস্ট দেন তিনি। তিনি পোস্টে অভিযোগ করেন, সেখানে অবস্থান নেওয়া সেনাসদস্যরা ‘ছাত্র-জনতাকে’ অগ্রসর হতে বাধা দিচ্ছেন এবং বুলডোজার ঢুকতে দিচ্ছেন না।
সালাহউদ্দিন আম্মার তার প্রথম ফেসবুক পোস্টে লিখেন, ‘আপনারা একটু সাশ্রয়ী হোন! আমরা গরীব দেশ। একটা বাড়ি ভাঙতে বারবার বুলডোজার ভাড়া করে টাকা নষ্ট কইরেন না। আজকেই শেষ করে দেন।’এই পোস্টের কমেন্টে তিনি লিখেছেন, ‘উপ্স উস্কানী দিয়ে ফেললাম?’
দ্বিতীয় পোস্টে তিনি ধানমন্ডি–৩২ এ অবস্থান নেওয়া সেনা সদস্যদের ‘ছাত্র–জনতাকে’ বাধা দেওয়ার অভিযোগ তুলে শাহবাগ, টিএসসি ও আশপাশের অন্যান্য এলাকা থেকে দল–সংগঠন নির্বিশেষে মানুষকে সেখানে যাওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে বাড়িটি আজই ধুলোয় মিশিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি লিখেন, ‘ধানমন্ডি-৩২ সুরক্ষায় সেনাবাহিনী অবস্থান করছে কোন পিরিতির কারণে? ছাত্র-জনতাকে বাধা দিচ্ছে তারা এবং বুলডোজার ঢুকতে দিচ্ছেনা। শাহাবাগ, টিএসসিসহ যেখানে যারা আছেন শিবির, দল, ইনকিলাব মঞ্চ সবাই ধানমন্ডি-৩২ এর দিকে যান। আজকেই ধুলোয় মিশিয়ে দিন ফেরাউনের পিরামিড। আরেকটা কথা মনে করিয়ে দেই আজ হাসিনার বিবাহবার্ষিকী, আজকেই এই ফেরাউনের ফাঁসির রায় চাই।’
এর আগে গত ফেব্রুয়ারিতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
জুলাই গণ–অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৩২ নম্বরের বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল।
শাকিবুল হাসান/সুমন/