চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘জয়ধ্বনি’ তাদের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজন করতে যাচ্ছে রজতজয়ন্তী উৎসব ‘পঁচিশে জয়ধ্বনি’। আগামী ৪ ও ৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এই মিলনোৎসবে অংশ নেবেন সংগঠনের বিভিন্ন ব্যাচের সদস্যরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উৎসবের প্রথম দিন হিসেবে সন্ধ্যার পর শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা। মাগরিবের নামাযের বিরতির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশনার মধ্য দিয়ে মঞ্চ কার্যক্রমের সূচনা হবে। এরপর ধারাবাহিকভাবে ইউএসটিসি, ইউআইইউ এবং চুয়েট নিজেদের পরিবেশনা উপস্থাপন করবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সম্মাননা প্রদান পর্ব। রাতে দ্বিতীয় দফার পরিবেশনায় অংশ নেবে আউস্ট, বুয়েট এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
শুক্রবার (৫ ডিসেম্বর) মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে এবং বিকেলে অনুষ্ঠিত হবে ‘জয়ধ্বনি আড্ডা’ সবশেষে উৎসবের মিলনমেলা ও সমাপনী আয়োজন সম্পন্ন হবে। এতে সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা একত্রিত হয়ে আলাপচারিতা ও স্মৃতিচারণে অংশ নেবেন। আড্ডা শেষে র্যালি ও কেক কাটার মাধ্যমে দিনটির আনুষ্ঠানিকতা এগিয়ে যাবে। সন্ধ্যায় মঞ্চে উপস্থাপন করা হবে বর্তমান ও সাবেক সদস্যদের যৌথ পরিবেশনা।
রাতের শেষভাগে প্রদর্শিত হবে বিশেষভাবে নির্বাচিত পরিবেশনাসমূহ। পরে শিক্ষকদের বক্তব্য এবং সংগীতানুষ্ঠানের মাধ্যমে শেষ হবে জয়ধ্বনির রজতজয়ন্তী উদযাপন।
ইবাদ/নাঈম