রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকদের গাছে ঝুলিয়ে মারার হুমকিকে ‘নিকৃষ্ট মব সন্ত্রাসের চরম প্রকাশ’ বলে মন্তব্য করেছেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত ৯০১ জন শিক্ষক।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, রাবি শিক্ষকদের এই হুমকি দেওয়ার ঘটনায় মুক্তচিন্তা, শিক্ষার স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ ‘ধ্বংস’ হবে।
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের পক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব আলম প্রদীপ গণমাধ্যমে এই বিবৃতি পাঠান।
তারা বলেন, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষকদের হত্যার উদ্দেশ্যে মব সন্ত্রাস চালানো হয়। শতাধিক শিক্ষককে হত্যার হুমকি দেওয়া হয়। এর পাশাপাশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নাম ধরে তালিকা করা হচ্ছে। তাদের বহিষ্কারসহ মব সন্ত্রাস চালানো হচ্ছে। অব্যাহতভাবে তাদের জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে।
শিক্ষকদের বিবৃতিতে বলা হয়, মব সন্ত্রাসীরা ধারাবাহিকভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কদর্য ভাষায় অপমান করছে। পাশাপাশি তাদের ওপর পাশবিক হামলার ঘটনাও ঘটাচ্ছে। একাত্তরের মতো ভয়ভীতি সৃষ্টি করে বুদ্ধিবৃত্তিক পরিসরকে নিশ্চিহ্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে তারা।
বিবৃতিতে ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাস, রাজবাড়ীর পাংশায় অমৃত মণ্ডল হত্যার বিচারের দাবি জানান শিক্ষকরা। পাশাপাশি ছায়ানট, উদীচী এবং গণমাধ্যম কার্যালয়ে হামলার নিন্দাও জানান তারা।
মব সন্ত্রাসের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষকরা।