গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় উপাচার্য এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতির এক অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ আর্থ্রাইটিস, হৃদরোগ, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দেশের সরকারপ্রধানের দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘ সময় দেশ ও জনগণের জন্য সংগ্রাম করেন এবং রাজনৈতিক জীবনে অসামান্য অবদান রাখেন। তার নেতৃত্ব, ত্যাগ এবং দেশের গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশে অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তাসনিম হক/নাঈম