জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সংগীত বিভাগের ২০০৬-২০০৭ সেশনের (প্রথম ব্যাচ) সাবেক শিক্ষার্থী আবু কাউসার মিলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যু হয়।
তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি, লিভার, হার্ট ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে রোগে ভুগছিলেন এবং ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
স্থানীয়সূত্রে জানা যায়, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই (খালইপুড়া) ইউনিয়নের বাসিন্দা আবু কাউসার মিলন। তিনি আহেদ আলী সরকার বাড়ির নিবাসী মরহুম আব্দুল কাদের সাহেবের একমাত্র ছেলে।
মিলনের মৃত্যুতে ফেসবুক পোস্টে সংগীত বিভাগের অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী বলেন, “দীর্ঘদিন অসুস্থ ছিল জেনে মাস ছয়েক আগে হঠাৎ ওকে দেখতে গিয়েছিলাম। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। বারবার ছুঁয়ে দেখছিল, আমি সত্যিই তাকে দেখতে গেছি কি না। প্রচণ্ড শারীরিক কষ্ট নিয়েও খুশিতে উদ্বেলিত হচ্ছিল। তার খুশিতে উজ্জ্বল মুখটা এখনো চোখে ভাসছে। অকালবিধবা মায়ের একমাত্র অবলম্বন ছিল মিলন।
তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন মিলনকে জান্নাতবাসী করেন এবং শোকসন্তপ্ত জননীকে এই শোক সইবার শক্তি দান করে।
এই মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
তাসনিম হক/অমিয়/