জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে(জাককানইবি) খুলনা ডিভিশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের (কেডিএসএ) উদ্যোগে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুন্দরবন দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে হতে একটি র্যালি বের করে। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় লাইব্রেরির সামনে এসে শেষ হয় এবং র্যালি শেষে শিক্ষার্থীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় কেডিএসের সাধারণ সম্পাদক এলাহী মঞ্জুর ইমন বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন আমাদের দেশের ঐতিহ্য। আজকের এই দিনে আনরা সুন্দরবনকে রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। সুন্দরবন শুধু আমাদের প্রাকৃতিক ঐতিহ্য নয়, এটি দেশের পরিবেশগত ভারসাম্য ও উপকূলীয় মানুষের জীবিকার অন্যতম ভিত্তি। জলবায়ু পরিবর্তন, অবৈধ দখল ও দূষণের হুমকি থেকে এই বনকে বাঁচাতে সবাইকে সচেতন হতে হবে। সরকার, স্থানীয় জনগণ ও তরুণ প্রজন্ম একসঙ্গে কাজ করলে সুন্দরবন আরও সমৃদ্ধ হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সম্পদ সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব। সেইসঙ্গে তিনি দিবসটি জাতীয়ভাবে পালনের দাবি জানান।
কেডিএসের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোবাশশিরুল ইসলাম সকলকে সুন্দরবন দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে। সুন্দরবন আমাদের উপকূলকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সহায়তা করে। রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল এই সুন্দরবন। অসংখ্য প্রাণী ও উদ্ভিদের নিরাপদ আশ্রয়। এই বন নদী, বন ও জীববৈচিত্র্যের অনন্য সমন্বয়। তাই সুন্দরবনকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।
মো. তাসনিম হক রাফি/এসএন