অবশেষে রমজান মাসের পুরোটাই সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষের পূর্বনির্ধারিত ছুটির তালিকা সংশোধন করে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৬ মার্চ পর্যন্ত টানা ৩৬ দিন এই ছুটি কার্যকর থাকবে।
প্রজ্ঞাপন অনুযায়ী পবিত্র রমজান, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত ছুটি থাকবে।
রমজানে স্কুল খোলা রাখা নিয়ে গত কয়েকদিন ধরে উচ্চ আদালতে আইনি বিতর্ক চলছিল। প্রথমে হাইকোর্ট পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার নির্দেশ দিলেও পরবর্তীতে আপিল বিভাগের চেম্বার আদালত সেই আদেশে স্থগিতাদেশ দেন। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষা মন্ত্রণালয় বার্ষিক ছুটির তালিকায় সংশোধন এনে রমজানের শুরু থেকেই ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেয়।
এর ফলে, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত দেশের সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। প্রাথমিক বিদ্যালয়ের ছুটির বিষয়েও একই ধরণের নির্দেশনা দেয়া হয়েছে।
এসএন/