১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদরা মাতৃভাষা রক্ষার জন্য আত্মত্যাগ করে ভাষার প্রতি যেই অপরিসীম শ্রদ্ধা দেখিয়ে গেছেন, সেই আদর্শ ধারণ করেই দেশের সব ভাষাভাষী মানুষের প্রতি সম্মান দেখিয়ে অন্যান্য মাতৃভাষা রক্ষা ও ভাষাগত বৈচিত্র্য রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে উদীচী শিল্পগোষ্ঠী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়(জাককানইবি) পরিবার।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরবেলা প্রভাত ফেরি ও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানায় উদীচী শিল্পগোষ্ঠী, জাককানইবি পরিবার। সেখানেই তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ প্রত্যয় ব্যক্ত করেন।
উদীচী শিল্পগোষ্ঠী, জাককানইবি পরিবারের সভাপতি শাহিন আলম বলেন, মায়ের ভাষায় কথা বলার যে শান্তি আমরা পাই ভিন্ন ভাষায় তা নাই। এ ভাষা রক্ষায় যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। যে ভাষায় মোরা কথা বলি তাকে স্মরণ করার জন্য নির্দিষ্ট কোন দিন নয় আমরা সবসময় এ ভাষাকে স্মরণ করি। তবে এ দিনটিতে তাদের আত্মত্যাগের কারণে বাংলা ভাষা আমরা ফিরে পেয়েছি।
ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, মাতৃভাষা মানেই যে শুধু বাংলা, তা নয়। মাতৃভাষা হলো মায়ের ভাষা। বাংলাদেশে অনেক আদিবাসী জনগোষ্ঠী রয়েছে। তাদেরও নিজ নিজ মাতৃভাষা রয়েছে। ভাষা আন্দোলনে আত্মত্যাগ করা শহিদদের আদর্শ ধারণ করে সকল ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই, যার যার মাতৃভাষা রক্ষায় নিজ নিজ ভাষা চর্চা করতে হবে এবং এই ভাষাগত বৈচিত্র্য রক্ষায় উদীচী শিল্পগোষ্ঠী কাজ করে যাবে।
মো. তাসনিম হক রাফি/এসএন