বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের নিয়োগকে ‘গণবিরোধী’ ও ‘আত্মঘাতী’ সিদ্ধান্ত আখ্যা দিয়ে তার নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তি।
আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) আবু তৌহিদ মো. সিয়াম বলেন, ‘মোস্তাকুর রহমান পেশাগত জীবনে তৈরি পোশাকশিল্পের ব্যবসার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, যা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদের ক্ষেত্রে স্পষ্ট কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। তাছাড়া তিনি এক সময় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের তালিকাভুক্ত ঋণখেলাপি ছিলেন এবং তার ঋণ বিশেষ সুবিধায় পুনঃতফসিল করা হয়েছে, যা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের অর্থনীতির শীর্ষ অভিভাবক হওয়ার নৈতিক যোগ্যতা তিনি হারিয়েছেন।’
সাবেক গভর্নর পদ আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল প্রসঙ্গে ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, ‘বিদায়ী গভর্নর গত দেড় বছরে দেশের অর্থনীতিকে সংকট থেকে উত্তরণে কাজ করেছেন। তার বিরুদ্ধে বড় ধরনের অনিয়ম, দুর্নীতি বা নীতিগত ভুলের অভিযোগ না থাকা সত্ত্বেও তাকে অসম্মানজনকভাবে অপসারণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কোনো ব্যক্তিকে অপছন্দ হতে পারে, কিন্তু তাই বলে মব সৃষ্টি করে অপসারণ গ্রহণযোগ্য নয়। এতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল হয়।’
এসময় সংবাদ সম্মেলনে মব করে আহসান এইচ মনসুরকে ‘অসম্মানিত’ করা হয়েছে এমন অভিযোগ তুলে ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এছাড়া ওই সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে গর্ভনর হিসেবে নিয়োগে জারি করা প্রজ্ঞাপন বাতিলসহ তিন দাবি দাবি তুলে ধরেন আবু তৌহিদ মো. সিয়াম।
দাবিগুলো হলো- অবিলম্বে ব্যবসায়ী মোস্তাকুর রহমানের বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে জারি করা প্রজ্ঞাপন বাতিল; বাংলাদেশ ব্যাংক গভর্নর নিয়োগ বিধিমালা প্রণয়ন করে গভর্নরের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ; বাংলাদেশ ব্যাংকের ভেতরে অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ।
এর আগে ২৫ ফেব্রুয়ারি মোস্তাকুর রহমান এফসিএমএ-কে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হয়। মোস্তাকুর রহমান ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পান। এর আগে তিনি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক ছিলেন।
জাওয়াদ/মাহফুজ