নৈতিক স্খলনের দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারের পদ স্থগিতের দাবি জানিয়েছেন শাখা ছাত্র অধিকার পরিষদের সভপতি মেহেদী মারুফ।
সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান।
এর আগে ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে রাকসুর জিএস এবং শাখা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের বাগ্বিতণ্ডা ঘটনা ঘটে।
এক পর্যায়ে রাকসু ভবন থেকে বের হয়ে সংবাদ সম্মেলনে নৈতিক স্খলনের দায়ে রাকসুর জিএস আম্মারের পদ স্থগিতের দাবি জানান শাখা ছাত্র অধিকার পরিষদের সভপতি মেহেদী মারুফ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার শাখা ছাত্র অধিকার পরিষদের সভপতি মেহেদী মারুফের ফেসবুক টাইমলাইনে একটি পোস্টে কমেন্ট করেন রাকসু জিএস আম্মার। পোস্টে মারুফ লিখেন, ‘রাকসু ফরজ কাজ বাদ দিয়ে নফল কাজেই বেশি মনোযোগী এবং পারদর্শী।... নফল দিয়েই যদি বৈতরণি পার হওয়া যায়, তাহলে ফরজের আর দরকারটা কি!’ । এই পোস্টে আম্মার কমেন্টে লিখেন, ‘চুলকানি শুরু? মলমের নাম নুরু’।
ছাত্র অধিকার পরিষদের মারুফের অভিযোগ, আম্মার এই কমেন্টের মাধ্যমে গণঅধিকার পরিষদের সভাপতি ও বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে টার্গেট করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তবে জিএস আম্মারের ভাষ্যমতে তিনি কেবল ছন্দ মেলাতেই নুর শব্দটি ব্যবহার করেছেন। এক পর্যায়ে তাদের মধ্যে তীব্র বাকবিতন্ডার ঘটনা ঘটে।
এক পর্যায়ে মেহেদী মারুফ রাকসু ভবন থেকে মেহেদী মারুফ বের হয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি নৈতিক স্খলনের অভিযোগ তুলে বলেন, সালাহউদ্দিন আম্মার ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীর স্বাভাবিক সম্পর্ককে নষ্ট করেছে। সে ফেসবুকে কমেন্টে যে ভাষগুলো ব্যবহার করেছে, বিশ্ববিদ্যালয়ের সরাসরি শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি হিসেবে এগুলো লজ্জার। সে তার নৈতিক স্খলন ঘটিয়েছে। আমরা ছাত্র অধিকারের পক্ষ থেকে রাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব স্যারের কাছে দাবি জানাবো যে, নৈতিক স্খলনের জন্য রাকসুর জিএস আম্মারের পদ স্থগিত করা হোক।
পদ স্থগিতের দাবির বিষয়ে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, এই সিদ্ধান্তটা শিক্ষার্থীরা নিবে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা তাদের একটা রাজনৈতিক কৌশল। কেননা আমি ব্যক্তিগতভাবে তাদের নেতাকে কখনোই এত গুরুত্বপূর্ণ মনে করি না। এটা তাদের এটেশন পাওয়ার একটা কৌশল।
শাকিবুল হাসান/সুমন/