জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য প্রতিশ্রুত ‘সম্পূরক বৃত্তি’ নিয়ে প্রশাসনের মিথ্যা আশ্বাসের প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জবি শিক্ষার্থীরা। বৃত্তির সুস্পষ্ট ফয়সালা না করে উপাচার্যকে তার আসন্ন দুই মাসের আমেরিকা সফরে যেতে দেওয়া হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব।
বুধবার (৪ মার্চ) দুপুর পৌনে ২টায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেওয়া হয়।
এ.কে.এম রাকিব অভিযোগ করেন, বিগত ১৫ বছরের সরকারের আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮ হাজার শিক্ষার্থী চরম আবাসন সংকটে ভুগেছে। সম্প্রতি ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচির পর সরকার শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে সম্পূরক বৃত্তি প্রদানের প্রতিশ্রুতি দিলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা বাস্তবায়নে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, উপাচার্য ও প্রশাসন শিক্ষার্থীদের শুধু মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে এবং মন্ত্রণালয় থেকে অর্থ আদায়ে তাদের কোনো কার্যকর পদক্ষেপ নেই।
তিনি জানান, বৃত্তির বিষয়ে প্রশাসনের কোনো স্পষ্ট বক্তব্য না থাকলে এবার আর তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এমনকি শিক্ষার্থীদের তোপের মুখে প্রশাসনকে এবার কোনো 'সেফ এক্সিট' বা নিরাপদ প্রস্থানও দেওয়া হবে না বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
উপাচার্যের আসন্ন বিদেশ সফরকে কেন্দ্র করে তিনি বলেন, "আমরা শুনেছি আমাদের উপাচার্য মহোদয় প্রায় দুই মাসের ছুটিতে আমেরিকা যাবেন। আমরা তাকে স্পষ্ট করে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি নিয়ে আপনি কোনো তড়িঘড়ি করছেন না, অথচ আপনার রেগুলার অ্যাক্টিভিটি ঠিকই চলছে। আপনি যদি আমেরিকা যেতে চান, তবে অবশ্যই সম্পূরক বৃত্তির একটি সুস্পষ্ট ফয়সালা করেই আপনাকে যেতে হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাকে কোথাও যেতে দেবে না। আর যদি যেতেই হয়, তাহলে একবারে পদত্যাগ করে মুক্তি নিয়ে চলে যান।"
এসএন/