রাজশাহী কলেজের লাল দালানের স্থাপত্যশৈলী যেমন আমাদের মুগ্ধ করে, তেমনি বিভিন্ন ঋতুর প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও অনন্য এই ক্যাম্পাস। ফুলে ফুলে সমৃদ্ধ এই ক্যাম্পাস শিক্ষার্থী ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে বসন্তের আবহ। কেউ হলুদ কেউ কমলা কেউ বাসন্তী রঙের শাড়ি পরে নিজেদের ক্যামেরাবন্দি করে রাখছে এই মনোরম পরিবেশে। শীতের রিক্ততা যেন এখনো কিছুটা আছে, তবে গাছের ডালে ঝরে পরা পাতাগুলো জানান দিচ্ছে এখন বসন্ত।
ঋতুরাজ বসন্তের চিহ্ন নিয়ে রাজশাহী কলেজের শহিদ মিনারসংলগ্ন এলাকায় ফুটে উঠেছে আগুনরাঙা পলাশ। সদ্য ফোটা ফুলের গাঢ় মিষ্টি রঙে যেন চোখ আটকে যাচ্ছে সবার। শহিদ মিনারসংলগ্ন এলাকায় একটু খেয়াল করলেই দেখা যায় দর্শনার্থী ও শিক্ষার্থীদের পলাশ ফুল গাছের কাছে ছবি তুলে ক্যামেরায় ফ্রেমবন্দি করতে আর ফুল কুড়িয়ে নিতে। এ যেন এক মনোমুগ্ধকর দৃশ্য!
পলাশ ফুল নিয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাসকিয়া খাতুন বলেন, ফুলপ্রেমীদের কাছে পলাশ এক আবেগের নাম। এই ক্যাম্পাসের ফুলগাছ দুটোকে দূর থেকে দেখলে মনে হয় যেন রঙের মেলা বসেছে। কাছে গিয়ে দেখতে পাই পলাশ ফুল, যা আমাদের ক্যাম্পাসের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছে।
মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাহমিদুর রহমান শয়ন বলেন, পলাশগাছের এমন মনোমুগ্ধকর দৃশ্য শহরের বুকে খুব একটা দেখা যায় না। এক সময় এই পলাশ গাছ ও ফুল গ্রামের আঁকাবাঁকা অলিতে-গলিতে দেখা মিলত। এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আমাদের সবার উচিত, ক্যাম্পাসে যেসব গাছ এখনো টিকে আছে, সেগুলোকে যত্নে রাখা। তা হলে ঋতুভেদে এর সৌন্দর্য উপভোগ করা যাবে।
লেখিকা: রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সহযোগী সদস্য