জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিশেষ বৃত্তি নীতিমালা-২৫-এর আওতায় চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের ব্যাংকসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সরবরাহের নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব শিক্ষার্থী ইতোমধ্যে অনলাইনে বৃত্তির জন্য আবেদন করেছে এবং সংশ্লিষ্ট বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে মনোনীত হয়েছে, তাদের আগামীকাল ২৩ এপ্রিল থেকে আগামী ৩০ এপ্রিলের মধ্যে নির্দিষ্ট পোর্টালে তথ্য জমা দিতে হবে। মনোনীত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বৃত্তিসংক্রান্ত ওয়েবসাইট:
(https://scholarship.jnu.ac.bd) লিঙ্কে প্রবেশ করে নির্ধারিত ছক অনুযায়ী ব্যাংকসংক্রান্ত সব তথ্য নির্ভুলভাবে পূরণ করতে পারবে। নির্ধারিত এই সময়ের পর কোনো আবেদন বা তথ্য গ্রহণ করা হবে না।
ব্যাংক হিসাবসংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীর নিজের নাম এবং ব্যাংক হিসাবের নাম অবশ্যই অভিন্ন হতে হবে। অর্থাৎ শিক্ষার্থীর নামে খোলা অ্যাকাউন্টের নাম ও বিশ্ববিদ্যালয়ের নথিতে থাকা নামের মধ্যে কোনো গরমিল থাকলে বৃত্তির অর্থ প্রেরণে জটিলতা সৃষ্টি হতে পারে। এ ছাড়া শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই সরকার অনুমোদিত যেকোনো তফসিলি ব্যাংকের হতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষভাবে সতর্ক করে জানিয়েছে, কোনো ধরনের এজেন্ট ব্যাংক, ব্যাংকের সাব-ব্রাঞ্চ কিংবা মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর যেমন: বিকাশ, নগদ বা রকেট এই বৃত্তির অর্থ গ্রহণের জন্য গ্রহণযোগ্য হবে না। শুধু মূল ব্যাংকের তফসিলি অনলাইন হিসাব নম্বরই ব্যবহার করতে হবে।
অনলাইনে তথ্য পূরণের সময় শিক্ষার্থীদের অবশ্যই তাদের স্টুডেন্ট আইডি নম্বর, ব্যাংকের নাম, শাখার নাম ও রাউটিং নম্বর সঠিকভাবে উল্লেখ করতে হবে। এ ছাড়া ব্যাংক হিসাব নম্বরটি অবশ্যই অনলাইনভিত্তিক হতে হবে এবং তা ১৩ থেকে ১৭ ডিজিটের মধ্যে হতে হবে।