শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘গুপ্ত রাজনীতির’ বিরুদ্ধে প্রতিবাদী দেওয়াল লিখন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল।
বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ স্থাপনা ও দেওয়ালে এই প্রচারণামূলক লিখন কর্মসূচি চালানো হয়।
ছাত্রদল নেতাদের মতে, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের আড়ালে থেকে কোনো বিশেষ রাজনৈতিক এজেন্ডা বা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড রুখতেই তাদের এই উদ্যোগ। দেওয়াল লিখনগুলোতে ‘গুপ্ত রাজনীতি বন্ধ চাই’, 'ঘরে ঘরে খবর পাঠা, গুপ্ত জাশির লেজ কাটা'—এ জাতীয় বিভিন্ন স্লোগান দেখা গেছে।
কর্মসূচি চলাকালীন শাবিপ্রবি ছাত্রদলের দায়িত্বশীল নেতারা বলেন, "আমরা ক্যাম্পাসে কোনো ধরনের গোপন রাজনীতি সমর্থন করি না। শিক্ষার্থীদের প্রকাশ্য ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতেই আমাদের এই অবস্থান। যারা গোপনে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের এই সচেতনতামূলক প্রতিবাদ।"
এ বিষয়ে শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, "চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতিবিরোধী দেয়াললিখনে ছাত্রদলের ওপর ছাত্রশিবিরের ন্যাক্কারজনক হামলার ঘটনায় প্রশ্ন ওঠে ছাত্ররাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাসে এত এত শিবির নেতা-কর্মী আসলো কোথা থেকে? দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবির আড়ালে ছাত্রশিবির নিজস্ব সাংগঠনিক তৎপরতা গোপনে অব্যাহত রেখেছে। এরই প্রেক্ষিতে শাবিপ্রবি ছাত্রদল শিবিরের এই গুপ্ত ও অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদী দেয়াললিখন কর্মসূচি পালন করেছে, ভবিষ্যতেও গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের কর্মসূচী চলবে, শিবির কয় জায়গায় হামলা করে আমরা দেখতে চাই।"
ইসফাক আলী/নাঈম