রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীদের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেছেন ক্যাম্পাস সাংবাদিকরা। মানববন্ধনগুলো থেকে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত ও হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাংবাদিকরা মানববন্ধন করেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক সমিতির বর্তমান সদস্যদের পাশাপাশি সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।’
ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মাহবুব রনি বলেন, ‘পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি আমাদের দাবি এবং আহ্বান থাকবে অনতিবিলম্বে মামলা গ্রহণ ও তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।’
ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা অপরাধীর পক্ষ নেবেন না।’ সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বলেন, ‘আশা করি, এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ছাত্রদল সাংগঠনিক ব্যবস্থা নেবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি ও ভুক্তভোগী মানজুর হোসাইন মাহি এবং সাধারণ সম্পাদক লিটন ইসলাম।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে শাহবাগ থানার ভেতরে সংবাদ সংগ্রহ করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে মানজুর হোসেন মাহি এবং লিটন ইসলামসহ অন্তত ১০ সাংবাদিক আহত হন। ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, এর আগের দিনও বিশ্ববিদ্যালয়ের দুটি হলে তাদের হেনস্তা করা ও হুমকি দেওয়া হয়।