১০ মে আন্তর্জাতিক মা দিবস। প্রত্যেকের জীবনেই একটি গুরুত্বপূর্ণ সম্পর্কের নাম হলো মা। লালন-পালন থেকে শুরু করে জীবনের নানা ধাপে স্নেহ-মমতা, ত্যাগ ও অনুপ্রেরণার মাধ্যমে মা আমাদের নিরলসভাবে আগলে রাখেন। মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের চর্চার জন্য দিবসটি তাৎপর্যপূর্ণ। মা দিবস উপলক্ষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের স্মৃতি ও তাৎপর্যপূর্ণ ভাবনা তুলে ধরেছেন জাহিদ হাসান
মমতার নীলিমায় জননী তিলোত্তমা
আসিফয়া কানিজ ফাতেমা
শিক্ষার্থী, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ।
মায়ের সংজ্ঞা কোনো অভিধানে সীমাবদ্ধ নয়, বরং তা মিশে আছে সন্তানের প্রতিটি নিশ্বাসে। আমার জীবনে মা মানে সেই বিশাল আকাশ, যিনি সব রোদ-বৃষ্টির ঝাপটা নিজে সয়ে সন্তানকে আগলে রাখেন। শৈশবের ঝুম বৃষ্টিতে তার হাতের পিঠা কিংবা জ্বরের ঘোরে কপালে তার সেই শীতল হাতের স্পর্শ—মায়ের প্রতিটি স্মৃতিই আমার জীবনের শ্রেষ্ঠ পাথেয়। তার নিপুণ সৃজনশীলতা আর অদম্য ধৈর্য আমাকে শিখিয়েছে শূন্য হাতে স্বপ্ন বুনতে। খবরের কাগজের সামান্য পরিসরে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করা অসম্ভব। এই বিশেষ দিনে পৃথিবীর সব মায়ের চরণে জানাই বিনম্র শ্রদ্ধা; মায়ের হাসিমুখই হোক পৃথিবীর সব সন্তানের পরম প্রশান্তি।
সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি–মা
সোহানুর রহমান শাওন
শিক্ষার্থী, বাংলা বিভাগ।
সৃষ্টিকর্তার এক মোহময় সৃষ্টি–মা। তার হৃদয়েই আমাদের প্রথম অস্তিত্বের স্পন্দন। মা শুধু জন্মদাত্রী নন, তিনি আমাদের প্রথম শিক্ষক, চিকিৎসক এবং জীবনযুদ্ধে টিকে থাকার অনুপ্রেরণা। প্রয়োজনে তিনি মমতাময়ী আশ্রয়, আবার কখনো অজেয় যোদ্ধা। মায়ের এই বহুমাত্রিকতা এবং নিঃস্বার্থ ভালোবাসাই তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
যার মা আছে, সে পৃথিবীতে কখনো নিঃস্ব নয়। মায়ের প্রতি ভালোবাসা কোনো নির্দিষ্ট দিনের গণ্ডিতে সীমাবদ্ধ নয়; বরং প্রতিটি দিনই তার প্রাপ্য। পৃথিবীর সবটুকু সুখ মায়েদের ঘিরে হোক। এই বিশেষ দিনে সব মায়ের চরণে জানাই বিনম্র শ্রদ্ধা।
মায়ের মমতা: জীবনের নিরাপদ আশ্রয়
সাইফুদ্দীন সিদ্দীক
শিক্ষার্থী, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ।
‘মা’ শব্দটির গভীরতা অসীম; এতেই মিশে আছে পৃথিবীর বিশুদ্ধতম ভালোবাসা। মা সন্তানের নিরাপদ আশ্রয় এবং জীবনের প্রথম শিক্ষক, যার কাছ থেকে আমরা নৈতিকতা ও মানবিকতার পাঠ নিই। মা দিবস আমাদের তার ত্যাগের কথা স্মরণ করিয়ে দিলেও মায়ের প্রতি শ্রদ্ধা ও যত্ন হওয়া উচিত প্রাত্যহিক। ইসলামে মায়ের মর্যাদা আকাশচুম্বী; কোরআন ও হাদিসে তার অবর্ণনীয় কষ্টের স্বীকৃতি দিয়ে সর্বোত্তম আচরণের নির্দেশ দেওয়া হয়েছে। মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি নিহিত। মা কেবল একটি সম্পর্ক নন, বরং জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ। তাকে ভালোবাসা ও তার সেবা নিশ্চিত করা আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।
মা এক নীরব মহাকাব্য
পাঁপড়ি রানী মোদক
শিক্ষার্থী, আল ফিকহ অ্যান্ড ল বিভাগ।
মা কখনো নিজের গল্প বলেন না, তবু তার জীবন এক নীরব মহাকাব্য। আমার জীবনের প্রতিটি চড়াই-উতরাইয়ে তিনি এক অদৃশ্য শক্তি। ছোটবেলায় যা বুঝিনি, আজ বুঝি–মায়ের নিজের ইচ্ছা বিসর্জন দেওয়াটাই ছিল ভালোবাসার শ্রেষ্ঠ ভাষা। ব্যর্থতার মুহূর্তে তার দেওয়া সাহসই আমার ঘুরে দাঁড়ানোর মূলমন্ত্র।
মা কোনো বিশেষ দিনে সীমাবদ্ধ নন; তিনি প্রতিদিনের নির্ভরতা ও নিশ্চিন্ত ঘুমের আশ্রয়। তার হাতের ছোঁয়ায় পৃথিবীটা সহজ ও উষ্ণ হয়ে ওঠে।
শব্দে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ অসম্ভব। আমার প্রতিটি ভালো কাজই হোক মায়ের প্রতি জানানো একেকটি নীরব ধন্যবাদ।
মা এক নিঃস্বার্থ ভালোবাসার প্রতিচ্ছবি
মাহমুদা ইসলাম স্বর্ণালী
শিক্ষার্থী, বাংলা বিভাগ।
মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত; তার নিঃস্বার্থ ভালোবাসার কাছে পৃথিবীর সব সম্পদ তুচ্ছ। শৈশব থেকে বিশ্ববিদ্যালয় জীবন–প্রতিটি দুঃসময় ও অসুস্থতায় মায়ের স্নেহময় স্পর্শই আমার শ্রেষ্ঠ আশ্রয়।
নতুন শহরে মায়ের হাতের রান্না আর নিরাপদ সান্নিধ্য খুব মনে পড়ে। আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবতী মনে করি, কারণ নিজের মায়ের পাশাপাশি আমি এমন একজন শাশুড়ি মা পেয়েছি, যিনি আমাকে নিজের মেয়ের মতোই মমতায় আগলে রাখেন।
এই মা দিবসে নিজের দুই মা এবং পৃথিবীর সব মায়ের জন্য প্রার্থনা–সৃষ্টিকর্তা যেন তাদের সুস্থ ও সুখী রাখেন। মায়েদের হাসিমুখই হোক আমাদের পরম প্রশান্তি।