জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর অকথ্য গালাগালি ও হুমকির ঘটনায় উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দায়েরের পর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি করা হয়েছে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামসুল আলমকে। সদস্য-সচিব হলেন জনসংযোগ অফিসের রিপোর্টার জনাব হাফিজুর রহমান।
অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম (পদার্থবিজ্ঞান বিভাগ), অধ্যাপক ড. মো. আব্দুল হালিম (উদ্ভিদবিজ্ঞান বিভাগ) ও অধ্যাপক ড. শামসুন নাহার (মাইক্রোবায়োলজি বিভাগ)।
কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য যে, গত রবিবার (১৭ মে) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের একটি ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে সাংবাদিকরা হেনস্তার শিকার হন। এ সময় তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অকথ্য ভাষায় গালাগালি, মারমুখী হামলা এবং মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টির চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা সোমবার উপাচার্য বরাবর লিখিত অভিযোগ জমা দেন।
ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা এবং জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনগুলো সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।
আমানউল্লাহ খান/এসএন