গর্ভধারণ প্রতিটি নারীর জীবনে এক অনন্য অভিজ্ঞতা। এ সময় শরীর যেমন বদলায়, তেমনি মনের ভেতরেও ঘটে নানা ওঠানামা। আনন্দ, প্রত্যাশা, ভয় কিংবা উদ্বেগ সব মিলিয়ে মায়ের মানসিক জগৎ হয়ে ওঠে রঙিন এবং সংবেদনশীল। কিন্তু আমরা প্রায়ই শুধু শারীরিক যত্নকেই গুরুত্ব দিই, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিই না। অথচ সুস্থ মানসিক অবস্থা কেবল মায়ের জন্য নয়, গর্ভের শিশুর জন্যও সমানভাবে জরুরি। মায়ের হাসি, তার ইতিবাচক মানসিকতা শিশুর সুস্থ বিকাশের ভিত্তি গড়ে দেয়। তাই মাতৃত্বের যাত্রায় মানসিক যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সঙ্গীর সমর্থন
গর্ভাবস্থায় মায়ের শারীরিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানসিক অবস্থাও নানাভাবে প্রভাবিত হয়। এ সময় সঙ্গীর সমর্থন সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। স্বামী যদি স্ত্রীর আবেগ বুঝতে চেষ্টা করেন, তার সঙ্গে খোলামেলা আলাপ করেন এবং ছোট ছোট যত্ন নেন, তবে অন্তঃসত্ত্বা মায়ের মানসিক চাপ অনেকটাই কমে যায়। হাত ধরা, আশ্বাস দেওয়া, ডাক্তার দেখাতে একসঙ্গে যাওয়া কিংবা সামান্য ঘরের কাজে সহযোগিতা এসব মায়ের আত্মবিশ্বাস বাড়ায়। গবেষণায় দেখা যায়, যেসব নারী গর্ভাবস্থায় সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পান, তারা অনেক বেশি আনন্দময় ও স্বাস্থ্যকর মাতৃত্বের অভিজ্ঞতা লাভ করেন।
পর্যাপ্ত বিশ্রাম
গর্ভাবস্থায় ঘুমের ঘাটতি মায়ের মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে। প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা গভীর ঘুম ঘুমানোর চেষ্টা করুন। আরামদায়ক পরিবেশ, হালকা আলো ও শান্ত পরিবেশ ভালো ঘুম হতে সহায়তা করে।
সঠিক পুষ্টি
মনকে প্রফুল্ল রাখতে সুষম খাবারের বিকল্প নেই। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, সবুজ শাকসবজি, ফল, দুধ ও বাদাম খেলে মানসিক চাপ কমে। অতিরিক্ত চিনি ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলা উচিত, কারণ এগুলো ক্লান্তি ও মুড সুইং বাড়ায়।
হালকা ব্যায়াম ও মেডিটেশন
চিকিৎসকের অনুমতি নিয়ে হালকা হাঁটা, বিশেষ যোগব্যায়াম বা শ্বাস-প্রশ্বাসের অনুশীলন অন্তঃসত্ত্বাদের জন্য মানসিক প্রশান্তি আনে। ব্যায়াম শরীরে এন্ডরফিন হরমোনের নিঃসরণ ঘটায়, যা মন ভালো রাখে এবং উদ্বেগ কমায়।
সামাজিক যোগাযোগ
একাকিত্ব মানসিক অশান্তি বাড়ায়। তাই বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে সময় কাটান, অভিজ্ঞতা ভাগাভাগি করুন। ইতিবাচক আলোচনায় যুক্ত হলে মন হালকা হয়।
পছন্দের কাজে যুক্ত হওয়া
বই পড়া, সংগীত শোনা, আঁকাআঁকি বা রান্না -যা করতে ভালো লাগে সেটিই করুন। এসব কাজ মনের চাপ কমিয়ে আনে এবং ইতিবাচক শক্তি জোগায়।
চিকিৎসকের সঙ্গে খোলামেলা আলাপ
শারীরিক সমস্যার মতো মানসিক উদ্বেগও চিকিৎসককে জানানো জরুরি। প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নিন। মনে রাখবেন, সাহায্য চাইতে দ্বিধা করা উচিত নয়।
নেতিবাচক তথ্য থেকে দূরে থাকা
গর্ভাবস্থায় মায়ের মন অত্যন্ত সংবেদনশীল থাকে। এ সময় চারপাশের নেতিবাচক সংবাদ, ভয়ংকর গল্প কিংবা অন্যের অনভিপ্রেত মন্তব্য মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। অনেকে ভয়ের গল্প শোনাতে ভালোবাসেন, যা মায়ের মনে অযথা দুশ্চিন্তা ও অস্বস্তি বাড়ায়। তাই এ সময় মায়েদের উচিত নেতিবাচক তথ্য বা গুজব থেকে দূরে থাকা এবং আশপাশের মানুষদেরও এ বিষয়ে সচেতন করা। ইতিবাচক পরিবেশে থাকা, অনুপ্রেরণামূলক গল্প শোনা কিংবা আনন্দদায়ক কাজের সঙ্গে যুক্ত হওয়া মনকে হালকা করে। মনে রাখতে হবে, মায়ের মানসিক প্রশান্তি গর্ভের শিশুর সুস্থ বিকাশের জন্য অপরিহার্য।
নিজেকে ভালোবাসা
গর্ভাবস্থায় শরীর ও মনের নানা পরিবর্তন ঘটে, যা অনেক নারীকে অস্বস্তিতে ফেলে। ওজন বৃদ্ধি, শারীরিক ক্লান্তি বা সৌন্দর্যের ভিন্নতা নিয়ে অনেকে হীনম্মন্যতায় ভোগেন। কিন্তু মনে রাখতে হবে, এই পরিবর্তনই মাতৃত্বের সৌন্দর্য। তাই নিজেকে নেতিবাচকভাবে দেখার বদলে নিজের প্রতি ভালোবাসা তৈরি করা জরুরি। আয়নার সামনে দাঁড়িয়ে ইতিবাচক বাক্য উচ্চারণ করুন ‘আমি শক্তিশালী, আমি সক্ষম।’ আরামদায়ক পোশাক পরুন, পছন্দের কাজে নিজেকে ব্যস্ত রাখুন এবং মাতৃত্বের প্রতিটি ধাপ উপভোগ করুন। নিজের প্রতি ভালোবাসা ও আত্মবিশ্বাসই আপনাকে মানসিকভাবে দৃঢ় রাখবে, আর শিশুর ভবিষ্যৎও হবে উজ্জ্বল।
সুতরাং গর্ভাবস্থার মানসিক যত্ন কোনো বিলাসিতা নয়, বরং অপরিহার্য দায়িত্ব। মায়ের মন ভালো থাকলে শিশুর মানসিক বিকাশও হয় সুস্থ ও সৃজনশীল। তাই নিজের আবেগকে গুরুত্ব দিন, প্রয়োজনে সাহায্য চান এবং ইতিবাচক থাকুন।
/এসএল
.jpg)